
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাষ্টমী তিথিতে গতকাল বুধবার সকালে চট্টগ্রাম নগরের পাথরঘাটা শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সব নারীতে মাতৃত্বরূপ উপলব্ধি করাই কুমারী পূজার প্রধান লক্ষ্য।
শান্তনেশ্বরী মন্দিরের সেবায়েত শ্রীমৎ শ্যামল সাধু বলেন, কুমারী বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে তাকে দেবী মনে করে পূজা করে ভক্তরা। দীপা চৌধুরী নামের এক ছাত্রীকে প্রতিমার সামনে বসিয়ে কুমারী পূজা করা হয়। সে পাথরঘাটা বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে।
নোয়াখালীর দুর্গাপূজা সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: কলেজছাত্রী তানিয়া ও নাহিদা আরও কয়েকজন সহপাঠীকে নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী শহরের মঙ্গলা পূজামণ্ডপে গতকাল দুপুরে দুর্গাপূজা দেখতে আসেন। একই সময় দলে দলে পূজামণ্ডপে আসতে দেখা যায় স্কুল-কলেজপড়ুয়া আরও অনেক শিক্ষার্থীকে।
সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকায় নোয়াখালীতে দুর্গাপূজার উৎসব কেবল সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে অন্য ধর্মের মানুষের মাঝেও। শহরে এবার প্রতিটি মণ্ডপ সাজানো হয়েছে বাহারি সাজে। দেশের বিভিন্ন এলাকা থেকে অগণিত ভক্ত প্রতিদিন এখানে পূজা দিতে এবং দেখতে আসেন।
মঙ্গলা মন্দিরের পূজা পরিচালনা কমিটির সদস্য প্রবীর সাহা প্রথম আলোকে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে পূজা দেখতে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মন্দিরে আসছেন।
মঙ্গলা পূজামণ্ডপ ছাড়াও সম্প্রীতির চিত্র দেখা যাবে ত্রিশূল, দশভুজা, ত্রিনজনীসহ শহরের বিভিন্ন মন্দিরে। জেলা পূজা উদ্যাপন কমিটির সহসভাপতি বিনয় কিশোর রায় বলেন, চৌমুহনীতে অনেক দিন ধরেই দেশসেরা পূজা উদ্যাপনের চেষ্টা করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সরকার, স্থানীয় প্রশাসন এবং দল-মত-ধর্মনির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এখানে। জেলার নয়টি উপজেলার মধ্যে সদরে ১৭টি, বেগমগঞ্জে ২০টি, সেনবাগে ১২টি, কোম্পানীগঞ্জে ১২টি, কবিরহাটে ১৬টি, সোনাইমুড়ীতে ১০টি, চাটখিলে ৯টি, সুবর্ণচরে ২৫টি ও হাতিয়ায় ৩১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস বলেন, জাঁকজমকপূর্ণভাবে নোয়াখালীতে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। জেলা প্রশাসন থেকে প্রতিটি মণ্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আরও ১ লাখ ৪৯ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।