চট্টগ্রামে কুমিরছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চিড়িয়াখানায় ১৩টি মিঠা পানির কুমিরছানা ফুটেছে। গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে কুমিরের খাঁচায় এই ছানাগুলো ফোটে। এ নিয়ে এই চিড়িয়াখানায় কুমিরের সংখ্যা ৪২টিতে দাঁড়িয়েছে।চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে সর্বশেষ ২০০৯ সালে ৩২টি বাচ্চা ফোটে, যার মধ্যে এখন পর্যন্ত ২২টি বেঁচে আছে।গতকাল বিকেলে গিয়ে দেখা যায়, সদ্যজাত বাচ্চাগুলো খাঁচা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মাঝারি আকারের পাত্রে রাখা বাচ্চাগুলোকে দেখতে দর্শনার্থীরা ভিড় করছে।চিড়িয়াখানার কিউরেটর মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘বড় কুমিরের চাপায় বাচ্চাগুলো মারা যেতে পারে। তাই এগুলো আলাদা করে রাখা হয়েছে। এখন বাচ্চাগুলোকে কবুতরের মগজ, ছোট মাছ ও মাংসের কিমা খেতে দেওয়া হচ্ছে। কয়েক দিন পর এগুলোকে আলাদা চৌবাচ্চায় রাখা হবে। ১৩টি বাচ্চাই সুস্থ আছে।’ তিনি বলেন, বাংলাদেশের পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, কর্ণফুলীসহ বড় নদীগুলোতে একসময় এই কুমির দেখা গেলেও এখন বিলুপ্তির তালিকায় উঠে এসেছে। কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানায় এর সম্ভাবনার দ্বার খুলে গেছে।মনজুর মোরশেদ বলেন, ‘চার বছর বয়সে মেয়ে এবং ছয় বছর বয়সে পুরুষ কুমিরের প্রজননক্ষমতা এসে যায়। চট্টগ্রাম চিড়িয়াখানায় ৪২টি কুমির রাখার মতো স্থান নেই। আরও সংখ্যা বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’