চট্টগ্রামে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও দুর্নীতি-ইভ টিজিংবিরোধী কনসার্ট’-এর নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বিএইচআরসি) নামের একটি সংগঠন টিকিটের মাধ্যমে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়ামে এ অনুষ্ঠানের ঘোষণা দেয়। তবে ওই দিন এ ধরনের কোনো অনুষ্ঠান সেখানে হওয়ার খবর প্রশাসন বা স্টেডিয়াম কর্তৃপক্ষ জানে না।এরই মধ্যে অনুষ্ঠানে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে প্রচার করা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, এ ব্যাপারে জেলা প্রশাসন এবং এম এ আজিজ স্টেডিয়াম কর্তৃপক্ষ কেউই কিছু জানে না। অথচ এই কনসার্টের জন্য নগরের চারটি বিক্রয়কেন্দ্রে এক হাজারের বেশি টিকিট বিক্রি করা হয়। টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ও ৫০০ টাকা। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত টিকিট বিক্রি হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি (প্রটোকল) মো. রেজাউল করিম গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘৩০ সেপ্টেম্বরে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কোনো সফরসূচি আমরা পাইনি।’ এ ধরনের সফরসূচি সাধারণত এক সপ্তাহ আগেই জেলা প্রশাসনে পাঠিয়ে দেওয়া হয় বলে তিনি জানান।এম এ আজিজ স্টেডিয়ামের পরিচালনার দায়িত্বে নিয়োজিত সিজেকেএসের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ‘৩০ সেপ্টেম্বর আমাদের লিগের খেলা চলবে। ওই দিন কোনো অনুষ্ঠানের জন্য কেউ মাঠ নেয়নি।’বিভিন্ন সূত্রে জানা যায়, বিএইচআরসি চট্টগ্রাম বিভাগ থেকে ২০১১ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দুর্নীতিবিরোধী কনসার্টের আয়োজন করে। গত ২০ আগস্ট থেকে টিকিট বিক্রি শুরু হয়। গতকাল নগরের জুবলী রোডের কারেন্ট বুক সেন্টারে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের কেনা টিকিটের টাকা ফেরত নিতে এসেছেন। দোকানের মালিক টিকিটের একটি অংশ দেখে টাকা ফেরত দিচ্ছেন। আসিফ হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা জেনেছি, ৩০ সেপ্টেম্বর কোনো সংবর্ধনা ও কনসার্ট হচ্ছে না। তাই টাকা ফেরত নিতে এসেছি।’কারেন্ট বুক সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহীন বলেন, বাবু নামের এক ব্যক্তি তাঁদের কাছে এই টিকিট বিক্রি করার জন্য দিয়ে যান। তবে এখন অনুষ্ঠান হচ্ছে না শুনে তাঁরা বিক্রি করা টিকিটের দাম ফেরত দিচ্ছেন।শাহীন বলেন, গত রোববার এক ব্যক্তি নিজেকে অ্যাডভোকেট মহিউদ্দিন ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে টিকিট বিক্রির টাকা চেয়ে তাঁকে হুমকি দিয়েছেন। তিনি নিজেকে সাবেক যুবলীগের নেতা বলেও দাবি করেন বলে শাহীন জানান। তবে বাবু নামের যে ব্যক্তি টিকিট বিক্রি করতে দিয়েছিলেন, তাঁকে দেখা যাচ্ছে না বলে শাহীন জানান। কারেন্ট বুক সেন্টার ছাড়াও টিকিট বিক্রির জন্য দেওয়া হয়েছে চকবাজারের কেয়ারি ইলিশিয়ামের বুক ইন, নাসিরাবাদের টেকনিক্যাল কর্নার এবং আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের রিপা সিলেকশনে। বিএইচআরসির প্যাডে লেখা রয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ট্রাস্ট (রেজি. নম্বর-৯২/২০০৯)। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি সালেহ উদ্দিন সিদ্দিকী বলেন, বিএইচআরসি নামের কোনো সংগঠন বা মহিউদ্দিন নামের কোনো আইনজীবী ওই ধরনের সংগঠনের সাধারণ সম্পাদক আছেন বলে তাঁর জানা নেই।নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার ফারুক আহমদ বলেন, তাঁদের কাছে এখনো এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে তাঁরা বিষয়টি খতিয়ে দেখবেন।