
চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের ওয়াসা এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ভবনের মালিক তাঁর শ্বশুর। সেখানে পঞ্চম তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে তিনি থাকতেন। মোহাম্মদ ইসহাক (৪৮) বাংলাদেশ কৃষি ব্যাংকের হাটহাজারীর মদনহাট শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন।
ভবনের ছাদের পানির ট্যাংকের সিঁড়ির সঙ্গে লাশটি ঝুলে ছিল। পরিবারের সদস্যরা বলছেন, ব্যাংকে কাজের চাপ ও তাঁর স্ত্রী অসুস্থ থাকায় হতাশা থেকে মোহাম্মদ ইসহাক আত্মহত্যা করেছেন। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।
ইসহাকের শ্যালক ফারুক হোসেন গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গের সামনে প্রথম আলোকে বলেন, পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় তাঁরা থাকেন। আর পঞ্চম তলায় স্বামী-সন্তান নিয়ে থাকেন তাঁর একমাত্র বোন। তাঁর বোনের একমাত্র মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। গতকাল সকালে তিনি তাঁর বাবাকে বাসায় দেখতে না পেয়ে দ্বিতীয় তলায় তাঁদের (ফারুক) বাসায় ছুটে আসেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর ভগ্নিপতিকে পাওয়া যায়নি। পরে পাশের ভবনের এক লোক বাসার ছাদে পানির ট্যাংকের সিঁড়ির সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর ভগ্নিপতি ইসহাকের লাশ দেখতে পেয়ে তাঁদের খবর দেন। তাঁরা দ্রুত ছাদে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
ফারুক হোসেন দাবি করেন, তাঁর মা মারা যাওয়ার পর থেকে বোন শাহিন আক্তার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ চিকিৎসার পরও তিনি সুস্থ হননি। এ ছাড়া তাঁর ভগ্নিপতি ব্যাংকের কাজের চাপে ভুগছেন বলে তাঁরা জানতেন। চাপ সামলাতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে তাঁরা ধারণা করছেন।
ইসহাকের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। বড় ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে চট্টগ্রামে ছুটে আসেন মো. রফিক। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব ছিল বলে কখনো শুনিনি। এখন কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা বুঝতে পারছি না।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, স্ত্রী মানসিকভাবে অসুস্থ থাকায় এবং কাজের চাপে আত্মহত্যা করেছেন ব্যাংক কর্মকর্তা ইসহাক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ইসহাকের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।