চট্টগ্রামে কেব্ল টিভির সংযোগ লাগানো নিয়ে সংঘর্ষ, আহত ৩
চট্টগ্রাম নগরের খুলশী থানার বিশ্বকলোনি এলাকায় গতকাল রোববার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ সময় ফাঁকা গুলি ছোড়া হয়। কেব্ল টিভির সংযোগ লাগানো নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, সংঘর্ষে আহত তিনজনের মধ্যে নজরুল ইসলামের অবস্থা গুরুতর। তিনি কেব্ল ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিপক্ষের লোকজন তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত অন্য দুজন হলেন মো. সোহেল ও আমীর হোসেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা ১১টার দিকে বিশ্বকলোনি এলাকার কয়েকটি ঘরে কেব্ল টিভির নতুন সংযোগ লাগাচ্ছিলেন আসলাম ও ইলিয়াছ। নজরুল তাঁদের বাধা দিলে বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় নজরুল ও তাঁর সহযোগীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায় এবং ফাঁকা গুলি ছোড়ে।কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মো. মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, বিশ্বকলোনি এলাকায় নজরুল কেব্ল টিভির সংযোগ দেন। তাঁর এলাকায় আসলাম ও ইলিয়াছ আবার সংযোগ দিতে এলে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে নজরুল ও তাঁর অনুসারীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে নজরুলসহ তিনজন আহত হন।