চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার বার্মা কলোনিতে গতকাল রোববার কেরোসিন ঢেলে এক গৃহবধূর শরীর ঝলসে দেওয়া হয়েছে। ওই গৃহবধূর নাম জোবাইদা আক্তার (২০)। তাঁর শরীরের ৫৫ অংশ পুড়ে গেছে বলে চিকিৎসকেরা জানান। এ ঘটনায় পুলিশ জোবাইদার স্বামী আবদুল হালিমকে (৩০) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তবে হালিমের পরিবার দাবি করছে, জোবাইদা নিজেই নিজের গায়ে আগুন দিয়েছেন।গৃহবধূর বড় বোন শাহেদা আক্তার অভিযোগ করেন, ‘তিন বছর আগে বিয়ের সময় আবদুল হালিমকে যৌতুক হিসেবে নগদ এক লাখ টাকা এবং আরও এক লাখ টাকার আসবাবপত্র দিই। এর পরও তিনি যৌতুক দাবি করেন। যৌতুক না দেওয়ায় তিনি জোবাইদার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। আগেও যৌতুকের জন্য হালিম প্রায়ই তাঁকে মারধর করতেন।’তবে হালিমের ছোট ভাই বেলাল হোসেন দাবি করেন, ‘ভাবি একটু জেদি। আমার ভাই এটা মেনে নিতে পারতেন না। এ জন্য দুজনের মধ্যে নিয়মিত ঝগড়া লেগেই থাকত। ভাবি আমার কাছে দাবি করেছেন, তিনি নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।’বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন জানান, অভিযোগ প্রমাণিত হলে হালিমকে গ্রেপ্তার করা হবে। উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, জোবাইদার স্বামী প্রায় সময়ই মদ খেয়ে বাসায় ফিরে স্ত্রীকে মারধর করতেন। অসুস্থ বাচ্চার চিকিৎসার টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হালিম জোবাইদার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।চিকিৎসকেরা জানান, জোবাইদার অবস্থা খুব একটা ভালো নয়। তাঁকে যত দ্রুত সম্ভব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে চিকিৎসা দেওয়া প্রয়োজন।