চট্টগ্রামে কোকেন জব্দের মামলার অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে জব্দ হওয়া কোকেনের মাদক মামলায় লন্ডনপ্রবাসী দুই বাংলাদেশিসহ আটজনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলী এ অভিযোগপত্র গ্রহণ করে তা পর্যালোচনার জন্য আগামী মাসের ৭ তারিখ দিন ধার্য করেছেন।

গত ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। ওই দিনই বন্দর থানা-পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। প্রতিটি ড্রামে ১৮৫ লিটার করে সূর্যমুখী তেল রয়েছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত হয়। গত বৃহস্পতিবার নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান আটজনের বিরুদ্ধে আদালতে এ মামলায় অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে যে আটজনকে আসামি করা হয়েছে তাঁরা হলেন: লন্ডনপ্রবাসী চাঁদপুরের ফরিদগঞ্জের ফজলুর রহমান ও মৌলভীবাজারের রাজনগরের বকুল মিয়া, তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা, কসকো বাংলাদেশ শিপিং লাইনসের ব্যবস্থাপক এ কে আজাদ, পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী আলম, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল আলম ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল। এর মধ্যে আসামি ফজলুর রহমান ও বকুল মিয়া পলাতক। গত বুধবার জামিনে ছাড়া পেয়েছেন সাইফুল আলম। বাকি পাঁচ আসামি কারাগারে আছেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, কোকেন জব্দের মামলায় গোয়েন্দা পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আগামী মাসের ৭ তারিখ তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে অভিযোগপত্র পর্যালোচনার জন্য দিন ধার্য করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, অভিযোগপত্রে থাকা পলাতক দুই আসামি ফজলুর ও বকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পত্তি ক্রোকের জন্য আবেদন করা হয়েছে। আদালত আগামী ধার্য দিনে এ বিষয়ে অভিযোগপত্র পর্যালোচনা করে আদেশ দেবেন।