চট্টগ্রামে এফআইসিএল (ফারইস্ট ইসলামী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড) নামের একটি প্রতিষ্ঠান গ্রাহকদের ৬৪ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রাহক কল্যাণ সমিতির সদস্যরা গতকাল শুক্রবার বিকেলে নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা জেলেপাড়া এলাকায় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীম কবিরের বাড়ির সামনে বিক্ষোভ করেন। গ্রাহকেরা অভিযোগ করেন, এফআইসিএল ডিপিএস এবং এমপিডিআর (মাল্টি-প্রফিট ডিপোজিট) বাবদ আটটি শাখায় ৬৪ কোটি টাকা জমা রাখেন। প্রতি মাসে চেকের মাধ্যমে এমপিডিআরের গ্রাহকদের মুনাফার টাকা দেওয়া হতো। কিন্তু গত এপ্রিল মাস থেকে তা দেওয়া হচ্ছে না। গত ১৫ এপ্রিল টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু সেদিন পাহাড়তলী অলংকার মোড় করপোরেট কার্যালয় বন্ধ পেয়ে তাঁরা ফিরে আসেন। প্রতিষ্ঠানটির আট শাখায় তিন হাজারের বেশি গ্রাহক রয়েছেন। গতকাল সরেজমিনে দেখা যায়, গ্রাহকেরা চেয়ারম্যানের সাগরিকার বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। গ্রাহক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, ‘চেয়ারম্যান সাহেব বাড়িতে নেই। তাঁর ভাই আমাদেরকে মোবাইলে কথা বলিয়ে দিয়েছেন। তিনি আগামীকাল রোববারের মধ্যে আমাদের সঙ্গে বসে এ বিষয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন।’ সমিতির সভাপতি খন্দকার শামসুল হুদা বলেছেন, ‘রোববারের মধ্যে কোনো সমাধান না হলে আমরা আইনের আশ্রয় নেব।’গতকাল সন্ধ্যায় এফআইসিএলের চেয়ারম্যান শামীম কবিরের সঙ্গে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।চেয়ারম্যানের বাড়ির সামনে জড়ো হওয়া আবদুল হান্নান নামের একজন ব্যবসায়ী বলেন, ‘২০১১ সালে আমি পাহাড়তলী করপোরেট কার্যালয়ে এফআইসিএলে ১০ লাখ টাকা জমা করেছি। প্রতি মাসে আমাদের মুনাফার টাকা দেওয়া হলেও এপ্রিল মাস থেকে আর কোনো টাকা দেওয়া হচ্ছে না।’ গৃহকর্মী আসমা খাতুন বলেন, ‘আমি প্রতি মাসে এক হাজার টাকার ডিপিএস জমা করতাম। এ ছাড়া ২৫ হাজার টাকা জমা আছে। কিন্তু এখন ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার কথা শুনে পাগল হওয়ার জোগাড়। অনেক কষ্টের টাকা।’ সমিতির সভাপতি খন্দকার শামসুল হুদা নিজে জমা রেখেছেন ১৭ লাখ টাকা এবং তাঁর বিভিন্ন আত্মীয়স্বজনের প্রায় এক কোটি টাকা জমা রেখেছেন। টাকার শোকে নজির আহমদ নামের নগরের ঝাউতলা এলাকার এক গ্রাহক ২০ দিন আগে মারা যান বলে জানা গেছে। জানা যায়, এফআইসিএল ২০০৭ সাল থেকে সমবায় প্রতিষ্ঠান হিসেবে (নিবন্ধন নম্বর: ৯০১০) নিবন্ধিত। এখানে ডিপিএস এবং এমপিডিআর ডিপোজিট চালু রয়েছে। প্রতি লাখে গ্রাহকদের দুই হাজার টাকা করে মুনাফা দেওয়া হয়। চট্টগ্রামে এর আটটি শাখা রয়েছে। এগুলো হচ্ছে আগ্রাবাদ, বড়পোল, বন্দরটিলা, নিউমার্কেট, তিনপুলের মাথা, বহদ্দারহাট, অক্সিজেন ও সীতাকুণ্ড এলাকা। এসব শাখার ব্যবস্থাপকেরা সবাই ইতিমধ্যে গা ঢাকা দিয়েছেন বলে জানা যায়। এফআইসিএলের প্রধান কার্যালয় ঢাকার পুরানা পল্টনে। এফআইসিএল ইন্টারন্যাশনাল, (প্রা.) লি., এফআইসিএল পরিবহন (প্রা.) লি., এফআইসিএল হোটেল ও রেস্টুরেন্ট (প্রা.) লি., এফআইসিএল সিএনজি ফিলিং স্টেশন, এফআইসিএল অটো রাইস মিলস নামে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।