চট্টগ্রামে কোকেন জব্দের মামলা, নুর মোহাম্মদ কারাগারে
চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন শনাক্তের মাদক মামলার এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার নগরের একটি রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৭। পরে বিকেলে তাঁকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, বন্দর থানার কোকেন মামলার আসামি নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় র্যাব। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
জানতে চাইলে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ রাতে নুর মোহাম্মদকে গ্রেপ্তারের কথা স্বীকার করলেও মামলাটি তদন্তাধীন থাকায় বিস্তারিত কিছু জানাননি।
গত বছরের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরপর ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত করা হয়। প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল রয়েছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত করে। কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় গত ২৭ জুন নুর মোহাম্মদসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে গত বছরের ১৯ নভেম্বর নগর গোয়েন্দা পুলিশ এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদকে বাদ দিয়ে লন্ডনপ্রবাসী দুই বাংলাদেশিসহ আটজনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ৭ ডিসেম্বর আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে র্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।