চট্টগ্রামে কোতোয়ালি থানা ঘেরাওয়ের ঘটনা খতিয়ে দেখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে খাতুনগঞ্জের একজন ব্যবসায়ীকে আটকে রাখা এবং কোতোয়ালি থানা ভবন ঘেরাও করাসহ সব ঘটনা খতিয়ে দেখতে নগর পুলিশের উপকমিশনার (ডিসি সদর) মো. ময়নুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে চার দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার। খাতুনগঞ্জের গোবিন্দ স্টোর্সের মালিকের ছেলে বিশ্বজিৎকে আটকে রাখার অভিযোগে গত শুক্রবার রাতে হোসাইন অ্যান্ড ব্রাদার্স নামের আরেক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক মীর মোহাম্মদ হাসানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। ওই রাতে পুলিশ তাঁকে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার করে। হাসানকে গ্রেপ্তারের খবর পেয়ে খাতুনগঞ্জের ক্ষুব্ধ ব্যবসায়ীরা শনিবার সকালে কোতোয়ালি থানা ঘেরাও করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ব্যবসায়ী হাসানের কাছে ২০ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ উঠেছে। নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘খাতুনগঞ্জের দুই ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে অর্থের লেনদেনের বিষয়ে কোতোয়ালি থানার পুলিশের ভূমিকা দেখার জন্য বলেছি। ডিসি (সদর) এ বিষয়টি দেখে আমাকে প্রতিবেদন দেবেন।’এদিকে খাতুনগঞ্জের গোবিন্দ স্টোর্সের মালিকের কাছ থেকে বকেয়া পাওনা ৭৮ লাখ টাকা নিয়ে শনিবার রাতে হাসানের সঙ্গে কোতোয়ালি থানা ভবনে লিখিত চুক্তি হয়। এতে উল্লেখ করা হয়, ছয় মাসের মধ্যে গোবিন্দ স্টোর্সের মালিক ৭৮ লাখ টাকা পরিশোধ করবেন। চুক্তিতে স্বাক্ষরের সময় কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তা ছাড়াও খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, গোবিন্দ স্টোর্সের মালিকের কাছে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা তিন কোটি টাকা পান। হাসানের প্রতিষ্ঠানসহ অন্য ব্যবসায়ীদের সব পাওনা টাকা ছয় মাসের মধ্যে গোবিন্দ স্টোর্সের মালিকের স্ত্রী ও ছেলে পরিশোধ করবেন বলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন।গোবিন্দ স্টোর্সের মালিক মৃদুল চৌধুরীর কাছে হোসাইন অ্যান্ড ব্রাদার্সের মালিক হাসান ৭৮ লাখ টাকা পান। এই বকেয়া পাওনার জের ধরে হাসান গোবিন্দ স্টোর্সের মালিকের ছেলে বিশ্বজিৎকে আটকে রাখেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগে বিশ্বজিতের মা মিনতি শুক্রবার রাতে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।