চট্টগ্রামে কোথাও হাঁটু কোথাও কোমর পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বেশির ভাগ এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। পানি ঢুকে পড়েছে নিচতলার বাসাবাড়ি ও দোকানপাটে। রাস্তাঘাট যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনজীবনে দেখা দিয়েছে ভোগান্তি।গতকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে এই মৌসুমের রেকর্ড পরিমাণ ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বর্ষণসহ ভূমিধসের আশঙ্কা রয়েছে। ভূমিধসের ব্যাপারে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতাসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত শনিবার সন্ধ্যার পর মাঝারি থেকে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের দুই-তৃতীয়াংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাতভর বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। প্রবর্তক, বাকলিয়া, চাক্তাই, চকবাজার, কাপাসগোলা, পাঁচলাইশ, চান্দগাঁও আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানের নিচতলার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। পানি বেশি হওয়ায় এসব এলাকার রাস্তাগুলোতে রিকশা চলাচলও বন্ধ হয়ে গেছে। বাদুরতলার বাসিন্দা মো. সোলায়মান জানান, শনিবার দিবাগত রাতেই তাঁদের এলাকার নিচতলার বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। এর আগেই সেখানকার রাস্তাঘাট তলিয়ে যায়। এ ছাড়া নগরের মুরাদপুর, চকবাজার, হালিশহর, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, মোগলটুলি, বহদ্দারহাট, আছদগঞ্জ, মাস্টারপুল এলাকায়ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। সরেজমিনে দেখা গেছে, মুরাদপুর থেকে ২ নম্বর গেট ও নাসিরাবাদ অংশ পুরোপুরি তলিয়ে গেছে। ফলে এই সড়কটিতে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। স্কুল-কলেজ ও অফিসগামী লোকজনকে দুর্ভোগের মধ্যে পড়তে দেখা যায়। আসকারদিঘির পাড়, ডিসি হিল, আন্দরকিল্লা, খুলশীসহ কয়েকটি পাহাড়ি এলাকা ছাড়া পুরো নগর গতকাল থইথই করছিল। নগরের বাকলিয়ায় তিনটি নির্মাণাধীন সেতুর কারণে নগরের উত্তরাংশে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ। সিটি করপোরেশন কর্তৃপক্ষ গত দেড়-দুই বছরেও সেতুগুলোর নির্মাণকাজ শেষ করতে পারেনি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ দুই বছরেও চাক্তাইখালের পাশে মাস্টারপোল, মির্জাখালের শাখা ইসহাকের পোল ও রাজাখালীর তুলাতলী এলাকায় তিনটি সেতুর নির্মাণকাজ শেষ করতে পারেনি। ফলে ওই তিনটি এলাকায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে, যে কারণে বৃষ্টি হলেই নগরের উত্তরাংশের বেশির ভাগ এলাকা তলিয়ে যাচ্ছে। এ জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের ব্যর্থতা দায়ী বলে আমরা মনে করি।’ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়। শনিবার সন্ধ্যার পর থেকে কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টিপাত হয়। এদিকে মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবল রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।