চট্টগ্রামে কোরবানির আগেই পশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ঈদের আগেই কোরবানির পশুরহাটে ও বিভিন্ন বাড়ির আঙিনায় অনেকের কোরবানির পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বছরই কোরবানির পশুর মৃত্যুর প্রবণতা ছিল বেশি। ঈদের আগে নগরের একটি পশুর হাটেই মারা গেছে সাতটি গরু। মোটাতাজাকরণের ওষুধ খাওয়ানোর প্রভাবে গরুর মৃত্যুর কারণ বলে মনে করছেন পশুচিকিৎসকেরা। এ বছর প্রতিবেশী দেশ ভারত থেকে বিপুলসংখ্যক গরু আনা হয়েছে। এসব গরুকে মোটাতাজা করতে বিশেষ ধরনের ওষুধ খাওয়ানো হতে পারে, যা মৃত্যুর কারণ বলে পশুরোগ বিশেষজ্ঞদের ধারণা। পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার মো. মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘চান্দগাঁও এলাকার নূরনগর হাউজিং সিটি করপোরেশন পশুরহাটে এবার সাতটি গরু মারা গেছে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ তিনটি মাটিচাপা দিয়েছে। বাকি চারটি চাপা দিয়েছে বাজার কমিটির লোকজন। নগরের জিইসি মোড়ের একটি বাড়ির আঙিনায় কোরবানির গরুরও মৃত্যুর খবর আমরা পেয়েছি।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন উপাচার্য নাম প্রকাশ না করে জানান, তাঁর আত্মীয় ও পরিচিত তিন পরিবারের তিনটি গরু ঈদের আগে মারা গেছে। হূষ্টপুষ্ট একটি গরু কেনা হয়েছে এক লাখ ১০ হাজার টাকা, অন্য দুটির মধ্যে একটি ৬৭ হাজার টাকা এবং আরেকটি ৪৬ হাজার টাকায় কেনা হয়েছে। বাজার থেকে যাচাই-বাছাই করে গরু কিনে বাড়ির আঙিনায় রাখা হয়। তিনটি গরু মারা যায় ঈদের আগেই। চট্টগ্রামে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের পশু হাসপাতালের পরিচালক এ কে এম সাইফুদ্দিন ঈদের আগেই কোরবানির পশুর মৃত্যুর চারটি কারণ উল্লেখ করেন। তিনি প্রথম আলোকে বলেন, মোটাতাজাকরণের ওষুধ জোর করে খাওয়ানোর কারণে গরুর হূৎপিণ্ডে মাত্রাতিরিক্ত চর্বি জমেছে। এতে হার্ট অ্যাটাকে গরুর মৃত্যু হতে পারে। এ ছাড়া এসব ওষুধ খাওয়ানোর ফলে গরুর পেট ফুলেফেঁপে ওঠে। এরপর গরুর মৃত্যু হয়। আর এসব ওষুধ সরাসরি ফুসফুসে চলে যায়, যে কারণে কিছু গরু নিমোনিয়ায় আক্রান্ত হয়। এটাও মৃত্যুর কারণ। চতুর্থ কারণ হচ্ছে খুরা রোগে কোনো গরু আক্রান্ত হলে তাতে হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকে। এতে গরু মারা যায়।