চট্টগ্রামে ক্যারিয়ার ও ইন্টার্নশিপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) ক্যারিয়ার ও ইন্টার্নশিপ মেলা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরের এম এম আলী রোডে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ মেলা হয়।
গতকাল দুপুরে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মলা রাও। মেলায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্রী অংশ নেন।
এতে ব্যাংক, করপোরেট কোম্পানি, বিশ্ববিদ্যালয়, বেসরকারি উন্নয়ন সংস্থাসহ (এনজিও) ১৩টি প্রতিষ্ঠানের স্টল ছিল। এসব স্টলে শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ রাখা হয়।
বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ব্যাংককভিত্তিক প্রতিষ্ঠান একিন এশিয়ার প্রতিষ্ঠাতা নিকোলা জোনস, গ্রামীণফোনের
হেড অব এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট সামরিন বোখারী, স্পৃহা ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রাম সাব্বির আমিন।
বক্তারা বলেন, এ ধরনের মেলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। এই মেলা তাঁদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এবং মানসিকতা দৃঢ় করবে। এ ছাড়া ছাত্রীরা নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি আলাপ করার সুযোগ পেয়েছেন। তাঁদের কাছ থেকে পেশাদারি শিষ্টাচার ও চাকরিসংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি তথ্য জানতে পেরেছেন।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনালের (সিডিআইপি) জ্যেষ্ঠ কর্মকর্তা আমিনা চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই বছর প্রথমবারের মতো ইন্টার্নশিপ মেলার আয়োজন করা হয়েছে। আর তৃতীয়বারের মতো ক্যারিয়ার মেলা অনুষ্ঠিত হয়েছে।