চট্টগ্রামে ক্রেতাদের সাড়া কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খোলা ট্রাকে করে পণ্য বিক্রি করার দ্বিতীয় দিনেও ক্রেতাদের তেমন সাড়া পাওয়া যায়নি চট্টগ্রামে। খোলা ট্রাকে পণ্য বিক্রির তথ্য না জানায় আশানুরূপ সাড়া মেলেনি বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। টিসিবির সূত্র জানায়, গত শনিবার থেকে বাজারমূল্যের চেয়ে কম মূল্যে খোলাবাজারে সয়াবিন তেল, চিনি, ছোলা ও মসুর ডাল—এই চারটি পণ্য বিক্রি শুরু হয়েছে। সপ্তাহ খানেক পরে এই তালিকায় যোগ হবে খেজুর। আপাতত পাঁচটি খোলা ট্রাকে করে এসব পণ্য বিক্রি হচ্ছে। গতকাল রোববার দুপুরে নগরের জিইসি মোড়ে গিয়ে দেখা গেছে, বাজারমূল্যের চেয়ে অনেক কম মূল্যে ওই চারটি পণ্য বিক্রি হচ্ছে। তবে ক্রেতার সংখ্যা কম। খোলা ট্রাক থেকে পণ্য কিনতে আসা মো. কাশেম প্রথম আলোকে বলেন, ছোলা, তেল ও ডাল বাজারের চেয়ে অনেক কম দামে কিনতে পারলেও চিনির দাম বাজারমূল্যের প্রায় সমান। চিনির মূল্য আরও কম হলে ভালো হতো। তবে পণ্যের মান ভালো। টিসিবির সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রাকে ২০০ কেজি করে ছোলা ও মসুর ডাল, ৪০০ লিটার সয়াবিন তেল এবং দেড় হাজার কেজি চিনি বিক্রি হচ্ছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলাবাজারে ট্রাকে করে এই পণ্য বিক্রয় হচ্ছে। খোঁজ নিয়ে দেখা গেছে, খোলা ট্রাকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১২১ টাকা দরে। তবে এক লিটারের সয়াবিন তেলের বোতল না থাকায় পাঁচ লিটার বোতলের তেলই ক্রেতাদের কিনতে দেখা গেছে ৬০৫ টাকায়। বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম ৬৬০ থেকে ৬৭০ টাকা। গতকাল টিসিবির খোলা ট্রাকে চিনি বিক্রি হয়েছে ৫০ টাকা দরে। চিনির বাজারমূল্য ৫২ থেকে ৫৩ টাকা। খোলাবাজারে ছোলা (অস্ট্রেলিয়া) ৬৬ টাকা ও মসুর ডাল (নেপাল) ৭০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে এ দুটি পণ্য বিক্রি হচ্ছে ৮০ টাকা ও ১১০ থেকে ১১২ টাকায়। ক্রেতাদের ছোলা ও সয়াবিন তেল কেনার প্রতি ঝোঁক থাকলেও চিনি ও মসুর ডাল কেনার প্রতি ঝোঁক কম বলে জানিয়েছেন বিক্রেতারা। টিসিবির পণ্য বিক্রেতা (ডিলার) আবদুল লতিফ জানান, নগরের চকবাজার, মেডিকেল, জিইসি পর্যন্ত তিনটি মোড় ঘুরে এসে মাত্র তিন বস্তা চিনি, দুই বস্তা ছোলা, ২০টা পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হয়েছে। লোকজন মসুর ডাল আর চিনি কিনছে কম। টিসিবি, চট্টগ্রামের প্রধান কর্মকর্তা আকতার হোসেন প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে টিসিবির এই কার্যক্রম আপাতত ১৫ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর নির্দেশনা অনুযায়ী সময় আরও বাড়ানো হবে। যেসব এলাকায় পণ্য বিক্রি হচ্ছে: টিসিবির সূত্র জানিয়েছে, চট্টগ্রামের বন্দরটিলা, কাটগড়, স্টিলমিল বাজার, বিমানবন্দর এলাকায় একটি ট্রাক বিক্রির কাজে নিয়োজিত থাকবে। দ্বিতীয় ট্রাকে করে বিক্রি হবে সিজিও ভবন এলাকা, আগ্রাবাদ ও বারিক বিল্ডিং মোড়ে। তৃতীয় ট্রাকে করে ষোলশহর ২ নম্বর গেট, নাছিরাবাদ ও পূর্বকোণ কার্যালয়ের সামনে বিক্রি হবে। চতুর্থ ট্রাকে করে বিক্রি হবে চকবাজার থেকে গুলজার মোড় এলাকায়। পঞ্চম ট্রাকে করে বিক্রি হবে জামালখান, চেরাগি পাহাড় মোড় ও আন্দরকিল্লা এলাকায়। এই ট্রাকগুলো ভিন্ন ভিন্ন দিনে আদালত ভবন চত্বরের সামনে, অক্সিজেন, খুলশী, পতেঙ্গা, বহদ্দারহাট ও মুরাদপুর এলাকায়ও পণ্য বিক্রি করবে।