ভূমি অধিগ্রহণ শেষ না হওয়ায় চট্টগ্রামের আনোয়ারা উপকূলে কয়লাভিত্তিক দুই হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। প্রকল্পের জন্য তিন বছর আগে দুই হাজার একর জমি অধিগ্রহণের প্রস্তাব দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। জেলা প্রশাসক গত জুলাই পর্যন্ত ৫৬৫ একর জমি অধিগ্রহণ করে পিডিবির কাছে হস্তান্তর করেছেন।গত ৩ মে জেলা ভূমি অধিগ্রহণ কমিটির এক বৈঠকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে অবশিষ্ট জায়গা পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহামঞ্চদ ইসমাইলকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু গত সেপ্টেম্বর পর্যন্ত ওই পদে দায়িত্ব পালনকালে একবারের জন্যও তিনি ওই এলাকায় যাননি। সেপ্টেম্বরে পদোন্নতি পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে বদলি হয়ে গেছেন তিনি। এরপর পিডিবির চাহিদা অনুযায়ী অবশিষ্ট এক হাজার ৫৮৩ একর জমি অধিগ্রহণের কাজটি আর শুরু করেননি জেলা প্রশাসক। জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক জয়নুল বারী প্রথম আলোকে বলেন, ‘আমি সবে বদলি হয়ে চট্টগ্রামে এসেছি। এসবের কিছুই আমি জানি না।’এ অবস্থায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) মহেশখালী উপকূলে কয়লাভিত্তিক নতুন বিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে। মহেশখালীর মাতারবাড়ি এলাকায় এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়ন করছে। প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা (দুই বিলিয়ন মার্কিন ডলার)। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, মহেশখালী উপকূলে বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য জাইকা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। ইতিমধ্যে জাইকার একাধিক প্রতিনিধিদল ওই এলাকা পরিদর্শন করেছে। সব কার্যক্রম দ্রুতগতিতে চলছে। এটি সফলভাবে নির্মাণকাজ শেষ হলে ভবিষ্যতে এখানে বিদ্যুৎ উৎপাদনের একাধিক ইউনিট স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘আনোয়ারা উপকূলে বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য জেলা প্রশাসক কার্যালয় ভূমি অধিগ্রহণের কাজ করছে। আমাদের কাজ তাদের সঙ্গে সমন্বয় করা। আমরা তা-ই করছি।’পিডিবি সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রাম ও খুলনায় দুটি কয়লাভিত্তিক বড় বিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নেয়। এর মধ্যে খুলনার প্রকল্পটির অগ্রগতি হলেও চট্টগ্রামের আনোয়ারা উপকূলে প্রকল্পের জন্য চিহ্নিত জায়গা অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দেয়। ওই জায়গা অধিগ্রহণকে কেন্দ্র করে এ কে খান গ্রুপ, বসুন্ধরা গ্রুপ ও একটি মানবাধিকার সংগঠন পাঁচটি মামলা করেছে। এর মধ্যে একটি মামলার রায় সরকারের পক্ষে গেলেও অবশিষ্ট মামলাগুলো শুনানির পর্যায়ে রয়েছে। তবে অবশিষ্ট যে এক হাজার ৫৮৩ একর জায়গা অধিগ্রহণের কথা রয়েছে, তা বন বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে।চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা মোকাবিলা করতে সরকার শুরু থেকেই আনোয়ারা উপকূলে কয়লাভিত্তিক প্রকল্প স্থাপনের পাশাপাশি ফার্নেস তেলভিত্তিক দুটি প্রকল্প স্থাপনের উদ্যোগ নেয়। ফার্নেস তেলের প্রকল্প দুটি গত বছরের জুন থেকে উৎপাদন শুরু করে। কিন্তু তেলের দাম বেড়ে যাওয়ায় এগুলো দিনের বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক আবদুর রাজ্জাক বলেন, পানিবিদ্যুতের পর সবচেয়ে সস্তা বিদ্যুৎ পাওয়া যায় কয়লা থেকে। এ জন্য চট্টগ্রামের দ্রুত বিকাশমান অর্থনীতির ধারা অব্যাহত রাখতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কোনো বিকল্প নেই।