চট্টগ্রামে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ভূমি অধিগ্রহণ শুরু
দুই হাজার ৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামে ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে প্রথম পর্যায়ে ২৪৭ একর জমি হস্তান্তর করা হয়েছে।কর্ণফুলী নদীর দক্ষিণ পারে মাঝেরচর ও রাঙ্গাদিয়ায় এ ভূমি অধিগ্রহণ করা হয়। প্রকল্পটি স্থাপনের জন্য মোট দেড় হাজার একর জায়গা অধিগ্রহণ করবে সরকার। চট্টগ্রাম জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সনজীদা শরমিন প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে ৫৯৫ দশমিক ৩৬ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছি। এর মধ্যে ২৪৭ একর জমি পিডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট জমিও অধিগ্রহণের কাজ সম্পন্ন হবে। কারণ, এটি সরকারের একটি অগ্রাধিকারভিত্তিক প্রকল্প।’পিডিবি সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে যে ভূমি অধিগ্রহণ করা হয়েছে তাতে কয়লা নামানোর জন্য জেটি ও কয়লা রাখার ইয়ার্ড তৈরি করা হবে। পরে অধিগ্রহণ করা জমিতে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপন করা হবে। পিডিবির কর্মকর্তারা বলেন, শুরুতে মাঝেরচর ও রাঙ্গাদিয়ার একটি পুরো এলাকা বিদ্যুৎ প্রকল্পের জন্য বাছাই করা হয়। কিন্তু ওই জমি অধিগ্রহণ করলে তিন থেকে চার হাজার পরিবারকে উচ্ছেদ করতে হতো। এ জন্য ওই সব এলাকা বাদ দিয়ে নতুন করে অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী বর্তমানে অধিগ্রহণ কার্যক্রম চলছে। নাম প্রকাশ না করার শর্তে পিডিবির একজন কর্মকর্তা বলেন, জেলা প্রশাসন ইচ্ছে করলে আগামী এক বছরের মধ্যেই পুরো ভূমি অধিগ্রহণ করতে পারে।চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী মো. রইস উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে বিদ্যুতের যে চাহিদা রয়েছে তা মোকাবিলা করতেই সরকার কর্ণফুলী নদীর দক্ষিণ পারে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত জায়গাটিই এ প্রকল্পের জন্য সঠিক জায়গা উল্লেখ করে তিনি বলেন, শঙ্খ নদের মোহনা অগভীর হওয়ায় সেখানে কয়লাবাহী জাহাজ চলাচল করা সম্ভব নয়। প্রস্তাবিত এলাকায় জাহাজ চলাচলের মতো সাগরে পর্যাপ্ত গভীরতা রয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন শুরু হলে এক দিন অন্তর একটি কয়লাবাহী জাহাজ এখানে ভিড়বে। বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যেই এ প্রকল্প স্থাপনের কাজ শুরু হবে।পিডিবি সূত্র জানায়, দক্ষিণ চট্টগ্রাম, আনোয়ারায় স্থাপিত কোরিয়ান ইপিজেড এবং নদীর উপকূলে গড়ে ওঠা নতুন নতুন শিল্প কারখানায় বিদ্যুতের জোগান দিতে এখানে একটি বিদ্যুৎকেন্দ্র অপরিহার্য হয়ে পড়েছে। চট্টগ্রামে গ্যাসের তীব্র ঘাটতি থাকায় গ্যাসকেন্দ্রিক তিনটি বিদ্যুৎ প্রকল্পই এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৬৪০ মেগাওয়াট। অন্যদিকে ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎ কারখানাগুলো সরকারকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১১ টাকা থেকে ১৭ টাকায় বিক্রি করে থাকে। এ বিদ্যুতে বড় অঙ্কের টাকা ভর্তুকি দিয়ে সরকার জনগণের কাছে সরবরাহ করে।