চট্টগ্রামে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রশ্নে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার রংগাদিয়া ও মাঝেরচর মৌজায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই প্রকল্প বাস্তবায়নে এক লাখ ঝাউগাছ না কাটার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসান সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। পরিবেশ রক্ষা, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং চট্টগ্রাম মহানগরের বাসিন্দাদের স্বাস্থ্য রক্ষার কথা উল্লেখ করে রুল জারি করা হয়। বিদ্যুৎ মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, প্রকল্প পরিচালক এবং চট্টগ্রাম জেলা প্রশাসককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, অনেক দেশেই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু আছে এবং আরও নতুন নতুন হচ্ছে। বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে যে প্রযুক্তি ব্যবহার (সুপার ক্রিটিক্যাল) করা হবে, তা হবে সবচেয়ে উন্নত। এই প্রযুক্তিতে বিদ্যুৎকেন্দ্রে পোড়ানো কয়লার মাত্র দশমিক শূন্য ২ শতাংশ ছাই হয়। তিনি বলেন, পরিবেশ আইনসহ সংশ্লিষ্ট নিয়মকানুন মেনেই ওই বিদ্যুৎকেন্দ্র করার পরিকল্পনা করা হয়।