চট্টগ্রামে খাবার খেয়ে ১৮ গরু ব্যবসায়ী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ১৮ গরু ব্যবসায়ী। গত বুধবার রাতে নগরের পতেঙ্গা কাঠগড় বাজারে এ ঘটনা ঘটে। অসুস্থ গরু ব্যবসায়ীরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, বুধবার রাতে ভাত খাওয়ার পর কিছু গরু ব্যবসায়ী ঘুমিয়ে পড়েন। বাকিরা পাহারায় থাকেন। হঠাৎ ঘুমিয়ে থাকা গরু ব্যবসায়ীরা অসুস্থ হয়ে পড়লে তাঁদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর সকালে অনেকেই হাসপাতাল ছেড়েছেন। তাঁদের খাবারের মধ্যে কেউ কিছু মিশিয়ে দিয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
অসুস্থ কয়েকজন গরু ব্যবসায়ী জানান, তাঁরা নিজেরা রান্না করে খান। এ খাবারে কৌশলে কেউ কিছু মিশিয়ে দিয়েছে ধারণা করছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, হাসপাতালে ভর্তি হওয়া গরু ব্যবসায়ীরা হলেন মজিবুল, আবদুল খালেক, সিরাজুল ইসলাম, সোবহান, আবদুল কাইয়ুম, জাহিদুল, সিরাজুল, জামিরুল, হাফিজ, আসাদ, জিয়াউল, বাবর আলী, কবির, আজিম, শহীদুলসহ ১৮ জন। তাঁদের সবার বাড়ি রাজশাহী অঞ্চলে।