চট্টগ্রামে খালে পিলার দিয়ে দোকান নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ ফুট প্রশস্ত একটি খালে কংক্রিটের পিলার ও স্ল্যাব বসিয়ে দোকান নির্মাণ করছে চট্টগ্রাম নগরের কলেজ রোড এলাকায় অবস্থিত কাজেম আলী উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য খালে ১১টি পিলার বসানো হয়েছে। এতে ওই খাল দিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। গত বুধবার ওই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, স্ল্যাবের বেশির ভাগ অংশের ঢালাই কাজ শেষ করা হয়েছে। অবশিষ্ট অংশে ঢালাইয়ের কাজ চলছে। মোহাম্মদ রাসেল নামের এক যুবক ওই কাজ তদারক করছেন। তিনি নিজেকে ওই কাজের ঠিকাদার দাবি করেন। পরে তিনি বিদ্যালয়ের ভেতরে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে এ নিয়ে কথাও বলেন।কাজেম আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নালার ওপর একটি স্ল্যাব বসানো হচ্ছে। কারণ, নালার পেছনে আমাদের অল্প কিছু জায়গা আছে। সেখানে আমাদের নতুন ভবন হবে।’ খালপাড়ে সেই রকম কোনো জায়গা দেখা যায়নি—এমন কথা প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, ‘অল্প কিছু আছে। ভবন নির্মাণ হলে বুঝতে পারবেন।’ জানা যায়, কাজেম আলী উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া খালের ওপর একটি স্ল্যাব নির্মাণের জন্য গত ১৬ এপ্রিল ও ২৪ মে দুই দফা সিটি করপোরেশনে আবেদন করে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন ১১টি শর্তসাপেক্ষে একটি অস্থায়ী স্ল্যাব নির্মাণের অনুমতি দেয়। এর মধ্যে দুটি শর্ত হচ্ছে, খালের ওপর নির্মিত স্ল্যাব সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে এবং খালের জায়গায় কোনো অবস্থাতেই পিলার কিংবা স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু এ শর্ত ভেঙে বিদ্যালয় কর্তৃপক্ষ খালের ভেতর ১১টি পিলার বসিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি জানার পর বুধবার দুপুরে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা অস্থায়ী স্ল্যাব নির্মাণের অনুমতি দিয়েছি। এ জন্য নালায় খুঁটি দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু গিয়ে দেখি, তারা টিনের বেড়া দিয়ে ভেতরে খুঁটি স্থাপন করেছে। আমি সেগুলো ভেঙে ফেলতে বলেছি। তখন স্কুল কমিটির সভাপতি আমাকে বলেন, “নালার ওপর দোকান তৈরি করে স্কুল যদি দুইটা পয়সা পায়, তাহলে আপনার সমস্যা কী।” কিন্তু আমি বলে দিয়েছি, এভাবে দোকান নির্মাণ করা যাবে না।’চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সূত্র জানায়, কোনো ধরনের অনুমতি না নিয়ে খালের ওপর স্থাপনা নির্মাণ করায় গত ২২ নভেম্বর ইমারত নির্মাণ কমিটির পক্ষ থেকে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। ২৬ নভেম্বর প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন চিঠির জবাব দেন। এতে বলা হয়, স্ল্যাবের আয়তন বড় হওয়ায় খালে সরু আকারের পিলার দেওয়া ঝুঁকিমুক্ত বলে বিবেচিত হয়েছে। চিঠির আরেক অংশে বলা হয়, নালা-নর্দমা সিটি করপোরেশনের এখতিয়ারভুক্ত। তাই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নোটিশ এখানে অকার্যকর। চিঠিতে আরও বলা হয়, বিদ্যালয়ের নিজস্ব জায়গায় উন্নয়নকাজ করা বিদ্যালয়ের পরিচালনা কমিটির এখতিয়ারভুক্ত। এখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নোটিশ দেওয়ার কোনো সুযোগ নেই। বিদ্যালয় কর্তৃপক্ষের এ চিঠির পর সর্বশেষ ২ ডিসেম্বর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজেশন কর্মকর্তা এ জি এম সেলিম আরেকটি চিঠি দেন। তাতে আবারও খালের ওপর ‘বেআইনিভাবে অবৈধ নির্মাণ কার্যক্রম’ বন্ধের অনুরোধ জানানো হয়। অন্যথায় ইমারত নির্মাণ আইন ও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। কাজেম আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নালার মাঝখান থেকে দুটি পিলার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।’