চট্টগ্রামে খালেদা জিয়ার জন্মদিনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রামে দুস্থদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
দুপুরে প্যারেড কর্নার এলাকায় খাবার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতারা খালেদা জিয়ার জন্মদিন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি, যুবদল নেতা টিংকু দাশ, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ প্রমুখ।
এদিকে হাটহাজারী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে ডালিয়া নুশরাত মেমোরিয়াল ট্রাস্টে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক মীর হেলাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলম, নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদ প্রমুখ।