চট্টগ্রামে খালের পাড়ে স্থাপনা উচ্ছেদ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসের মধ্যে চট্টগ্রামের খালগুলোর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে নদীসংক্রান্ত টাস্কফোর্স। মাইকে এই সিদ্ধান্তের কথা প্রচার করে দ্রুত উচ্ছেদ অভিযানে নামার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে নদীসংক্রান্ত টাস্কফোর্সের ২৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো এ সভা অনুষ্ঠিত হয়।
নৌমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় তিন ঘণ্টার এ সভায় চট্টগ্রামের নদ-নদী দখল ও দূষণমুক্ত করতে আরও সাতটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির নদী কমিশন গঠন করা হচ্ছে বলেও মন্ত্রী জানান।
সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, সাংসদ জিয়াউদ্দিন আহম্মেদ ও মঈন উদ্দীন খান বাদল এবং চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বক্তব্য দেন।
সভায় চট্টগ্রাম জেলা প্রশাসন, বন্দর, পরিবেশ, পুলিশ, কোস্টগার্ড, ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ কর্ণফুলী নদী ও নদীর মুখে অবস্থিত খালগুলোর বর্তমান অবস্থা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। বিভিন্ন উপকিমিটির কার্যক্রমও তুলে ধরেন তিনি।
আলোচনায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, কর্ণফুলীকে বুড়িগঙ্গার মতো দেখতে চাই না। সিটি করপোরেশনে বর্জ ব্যবস্থাপনার বিষয়ে দায়িত্ব নিতে হবে। তারা ব্যর্থ হয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, ‘দূষণের জন্য কর্ণফুলী পেপার মিল বন্ধ করার কথা বলেছেন কেউ কেউ। আমি চমকে গেছি। কারণ, বন্ধ না করে বর্জ্য শোধন করার ব্যবস্থা নেওয়ার পন্থা আছে। বন্ধ করতে হবে কেন?’
পানিসম্পদমন্ত্রী বলেন, শিল্প কারখানায় ইটিপি স্থাপনে সময় দিয়ে কার্যকর ফল পাওয়া যাবে।
সভায় মঈন উদ্দীন খান বাদল বলেন, নদীকে বাঁচিয়ে রাখতে না পারলে সর্বনাশের দিকে এগিয়ে যাব আমরা। তিনি শুধু কর্ণফুলী নদী কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেন।