চট্টগ্রামে খুনের মামলায় ১০ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ আগে সাতকানিয়ায় মোস্তাক আহমদ নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে খুনের দায়ে দুই নারীসহ ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ‘ডাকাত’ অপবাদ দিয়ে তাঁকে ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। গত বৃহস্পতিবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা হোসনে আরা বেগম এই রায় দেন। রায়ে আদালত আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।দণ্ডিত ব্যক্তিরা হলেন হারুনুর রশিদ, নুরুল কবির, আবু তাহের, লোকমান, শাহাদাৎ, আহমদ ছফা, বাবুল, কায়সার, রিজিয়া বেগম ও সাজেদা বেগম। তাঁদের মধ্যে হারুনুর রশিদ, শাহাদাৎ, বাবুল ও কায়সার পলাতক। অন্য ছয় আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম শওকত হোসেন চৌধুরীর সহকারী আইনজীবী মো. লতিফ সাংবাদিকদের বলেন, আসামিদের বিরুদ্ধে আনা ৩০২/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।আদালত সূত্র জানায়, ১৯৯৭ সালের ২০ আগস্ট চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর এলাকায় আসামিরা মোস্তাক আহমদ নামের এক ব্যক্তিকে ডাকাত অপবাদ দিয়ে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোস্তাকের সঙ্গে আসামিদের জমিসংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার দিনই পুলিশ মোস্তাকের লাশ উদ্ধার করে। পরে ১২ জনকে আসামি করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা করে পুলিশ। তদন্ত শেষে ২০০০ সালের ১২ জানুয়ারি ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০০ সালের ৬ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটি বিচারাধীন অবস্থায় দুই আসামি নূরন্নবী ও বজলুর রহমান মারা যান।