চট্টগ্রামে খোলাবাজারে চাল বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল মঙ্গলবার থেকে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল কেনার সুযোগ পাচ্ছেন। কেজিপ্রতি চালের দাম নির্ধারণ করা হয়েছে ২৪ টাকা। গতকাল সকালে নগরে সদরঘাটের কালীবাড়ি এলাকায় ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। এ সময় জেলা খাদ্যনিয়ন্ত্রক নাজমে আরা বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম দিন ২৫ জন ডিলারের প্রত্যেককে চার টন করে চাল সরবরাহ করা হয়েছে। তাঁরা সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের বহদ্দারহাট, আন্দরকিল্লা, আগ্রাবাদ, ছোটপোল, নিউমার্কেটসহ বিভিন্ন স্থানে গাড়ি থেকে চাল বিক্রি করেন। চট্টগ্রাম জেলা খাদ্যনিয়ন্ত্রক নাজমে আরা বেগম প্রথম আলোকে জানান, প্রথম দিন ২৫টি ট্রাক থেকে চাল বিক্রি করা হয়েছে। এরপর থেকে ৩০টি ট্রাকে চাল বিক্রি করা হবে।খাদ্য বিভাগ ছাড়াও টিসিবি গত রোববার থেকে ডিলারদের ভোগ্যপণ্য সরবরাহ শুরু করেছে। নগরে ৯৪ জনসহ চট্টগ্রাম জেলায় ১২৪ জন ডিলারকে চিনি, সয়াবিন তেল, ছোলা এবং মসুর ডাল সরবরাহ করা হচ্ছে।টিসিবির ঊর্ধ্বতন কার্যনির্বাহী আবুল বাশার খান জানান, প্রত্যেক ডিলারকে তিন টন করে চিনি এবং এক টন করে সয়াবিন তেল, ছোলা ও মসুর ডাল সরবরাহ করা হচ্ছে। এসব ডিলার ব্যানার টাঙিয়ে ক্রেতাদের কাছে নির্ধারিত মূল্যে এ চারটি পণ্য বিক্রি করবেন। তিনি আরও জানান, ডিলাররা কেজিপ্রতি চিনি ৪৬, ছোলা ৪০ ও মসুর ডাল ৭৪ এবং প্রতি লিটার সয়াবিন তেল ৭৮ টাকায় বিক্রি করছেন।