চট্টগ্রামে খোলাবাজারে চাল সরবরাহ চাহিদার ৬ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দিনে গড়ে এক হাজার ৭৬০ টন চালের চাহিদা রয়েছে। কিন্তু খাদ্য বিভাগের খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম চাহিদার মাত্র ছয় শতাংশ সরবরাহ করতে পারছে। দুই সপ্তাহ ধরে প্রতি কেজি ২৪ টাকা দরে চাল বিক্রি করলেও খাদ্য বিভাগের ৩০টি ট্রাক এখনো নগরের অনেক এলাকায় পৌঁছাতে পারেনি। ফলে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। খুচরা বাজারে এখনো ২৮-২৯ টাকার নিচে মোটা চাল মিলছে না। জানা গেছে, সরকারি হিসাবে চট্টগ্রামের ৪০ লাখ মানুষের জন্য দিনে গড়ে এক হাজার ৭৬০ টন চাল প্রয়োজন থাকলেও খাদ্য বিভাগ থেকে ওএমএসের মাধ্যমে ন্যায্যমূল্যে বিক্রির জন্য দিনে বরাদ্দ রয়েছে মোট চাহিদার ছয় দশমিক আট শতাংশ অর্থাৎ মাত্র ১২০ টন।ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘দিনে একজন মানুষের গড়ে ৪৪০ গ্রাম চালের চাহিদা রয়েছে। খাদ্য বিভাগে চট্টগ্রামের ৪০ লাখ মানুষের জন্য, যা দিচ্ছে তা বাজারে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না। বাজারে প্রভাব ফেলতে হলে মোট চাহিদার অন্তত ২০ শতাংশ চাল ন্যায্যমূল্যে ছাড়তে হবে।’ খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রথমে ২৫টি ট্রাক ও পরে ৩০টি ট্রাকযোগে সপ্তাহে পাঁচ দিন ন্যায্যমূল্যে চাল বিক্রি শুরু হয়। দুই সপ্তাহে প্রায় ৯০০ টন চাল বিক্রি হয়েছে। প্রত্যেককে পাঁচ কেজি করে এ চাল দেওয়া হচ্ছে। প্রতি ট্রাকে দিনে চার টন করে চাল দেওয়া হয়। কোনো কোনো ডিলার দুই দিনে বিক্রি করছে চার টন। কিন্তু অনেক এলাকায় এখনো ন্যায্যমূল্যের চাল পৌঁছায়নি। সরেজমিনে দেখা গেছে, অনেক এলাকায় এখনো ওএমএসের চাল পৌঁছায়নি। কোনো এলাকায় একবার গেলেও দ্বিতীয়বার দেখা মেলেনি। গতকাল প্রথমবারের মতো এনায়েত বাজার জামতলা রেলওয়ে কলোনি বস্তি এলাকায় গেছে ওএমএসের চাল। এ সময় সেখানে ক্রেতাদের ভিড় লক্ষ করা যায়। মো. বাবু হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘অনেক আগে ওএমএস শুরু হয়েছে বলে শুনেছি। কিন্তু এই প্রথম আমাদের এলাকায় এসেছে। আমরা পাঁচ কেজি করে চাল নিয়েছি। এতে বড়জোর দুই দিন চলবে। তারপর তো আবার বাজার থেকে কিনে খেতে হবে।’ ওএমএস কার্যক্রম তদারকিতে নিয়োজিত খাদ্য বিভাগের উপপরিদর্শক বিধান বড়ুয়া বলেন, প্রতিটি এলাকায় প্রতিদিন যাওয়া সম্ভব নয়। কারণ, একজন ডিলারকে বিশাল এলাকা সামাল দিতে হচ্ছে।গতকাল নগরের বকশির হাট ও রেয়াজউদ্দিন বাজার এলাকা ঘুরে দেখা গেছে, মোটা চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৮-৩০ টাকায়। বকশিরহাটের হারুন স্টোরের মালিক আনিছুর রহমান বলেন, ‘সরকার ন্যায্যমূল্যে চাল বিক্রি করলেও তার প্রভাব বাজারে নেই। এখন কোনো চালই ২৮ টাকার নিচে নেই। পাইকারি বাজারে কমলে আমরা কম দামে বিক্রি করতে পারব।’ চট্টগ্রাম জেলা খাদ্য কর্মকর্তা নাজমে আরা বেগম বলেন, ‘আমাদের যথেষ্ট চাল রয়েছে। দৈনিক চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে না পারলেও আশা করছি, ধীরে ধীরে ওএমএসের প্রভাব কিছুটা হলেও পড়বে।’ তিনি অবশ্য স্বীকার করেন, ট্রাক আরও বেশি দিতে পারলে ভালো হতো।