চট্টগ্রামে গণজাগরণ মঞ্চ হয়ে ওঠে নারী জাগরণী মঞ্চ
বেলা গড়িয়ে বিকেল হতেই গণজাগরণ মঞ্চে জড়ো হতে থাকেন বিভিন্ন নারী সংগঠনের সদস্যসহ সর্বস্তরের নারী। একাত্তরের যুদ্ধে নারী নির্যাতনকারী যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবিতে মঞ্চে তোলা হয়েছে স্লোগান। এভাবেই গতকাল শুক্রবার চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ পরিণত হয় নারী জাগরণী মঞ্চে।গতকাল চট্টগ্রামের গণজাগরণ মঞ্চে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। জাতীয় সংগীত পরিবেশন এবং একাত্তরের যুদ্ধে নির্যাতিত মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আবৃত্তিশিল্পী ও আইনজীবী মিলি চৌধুরীর নেতৃত্বে সমাবেশে বক্তব্য দেন শহীদজায়া বেগম মুশতারী শফী, বাংলাদেশ মহিলা পরিষদ, চট্টগ্রামের সভাপতি লতিফা কবীর, কাউন্সিলর রেহেনা বেগম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সহসভাপতি জান্নাতুল ফেরদাউস, নারীনেত্রী নূরজাহান খান, রেখা চৌধুরী প্রমুখ। বেগম মুশতারী শফী বলেন, নিজেদের অধিকার আদায়ে নারীরা সজাগ হয়েছেন, সচতন ও উদ্যমী হয়েছেন। কিন্তু ধর্মের নামে এখনো চলছে নারী নির্যাতন এবং নারীর প্রতি অবমাননা। তাই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নারীরাও আজ পথে নেমেছেন। লতিফা কবীর বলেন, স্বাধীনতার ৪২ বছর পরও একশ্রেণীর লোক যুদ্ধের সময় নারীদের ওপর নির্যাতনকারীদের রক্ষার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের অচিরেই শাস্তি দিতে হবে। জান্নাতুল ফেরদাউস বলেন, একাত্তরের সশস্ত্র যুদ্ধে নারীরা যে ভূমিকা পালন করেছেন, আজও সেই একই ভূমিকা পালন করে চলেছেন। কিন্তু বীরাঙ্গনার মর্যাদা দিয়েই রাষ্ট্র তার দায়িত্ব শেষ করেছে। প্রত্যেক বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানান তিনি।গণজাগরণ মঞ্চে অংশগ্রহণ ছাড়াও শোভাযাত্রা এবং আলোচনা সভা আয়োজনের মাধ্যমে নারী দিবস পালন করে বিভিন্ন সংগঠন। সকালে নগরের ডিসি হিল প্রাঙ্গণে নারী প্রগতি সংঘ, চট্টগ্রাম কেন্দ্র শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। ফাইট ফর উইমেনস রাইটসের আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রেহেনা বেগম। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গাজী সালেহ উদ্দিন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম প্রমুখ।