চট্টগ্রামে গণজাগরণ মঞ্চে ফাল্গুনের আগুন
ফাল্গুনের প্রথম দিনে গণজাগরণমঞ্চ নতুন মাত্রা পেয়েছে। ফাল্গুন যেন আগুন ঝরিয়েছে আন্দোলনকারী জনতার ধমনিতে। ফাল্গুনের আগুন বুকে নিয়ে সমবেত ছাত্র-জনতা স্লোগান আর গানে গানে মুখরিত করে তোলে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা জামাল খানের এই গণজাগরণমঞ্চ। গতকাল বুধবার বেলা তিনটা থেকে গণজাগরণমঞ্চের কার্যক্রম শুরুর কথা থাকলেও সকাল থেকে লোকজনের ভিড় বাড়তে থাকে। বেলা দুইটার দিকে প্রতিদিনের মতো স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভিড় জমে গণজাগরণমঞ্চ চত্বরে। গতকাল বেলা তিনটা থেকে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দলবেঁধে আসতে শুরু করে মঞ্চে। নানা রকম পোস্টার, ব্যানার, ব্যঙ্গাত্মক কার্টুন ও ভাস্কর্য নিয়ে হাজির হয় তারা। সন্ধ্যায় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন স্থানীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি। এ সময় তিনি স্লোগান ধরে বলেন, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’। ‘জয় বাংলা’ বলে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। উদীচীর শিল্পীরা ফাল্গুনের প্রতিবাদী গান গেয়ে উপস্থিত মানুষকে আন্দোলিত করে রাখেন। রাতে গণজাগরণমঞ্চে প্রতিদিনের মতো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শিত হয়।মূল মঞ্চের গান-স্লোগান ছাড়াও ছোট ছোট দলে ভাগ হয়ে যে যাঁর মতো করে নেচে-গেয়ে তাঁদের প্রতিবাদ জানাতে থাকেন। কিছু সমবেত জনতার পোশাকে ফাল্গুনের রং লাগলেও কণ্ঠে তাঁদের উচ্চারিত হয়েছে ‘জয় বাংলা’, ‘রাজাকারের ফাঁসি চাই’, কিংবা ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’, ‘জামায়াত-শিবির নিষিদ্ধ করো’ ইত্যাদি স্লোগান।গণজাগরণমঞ্চের অদূরে ডিসি হিলের মুক্তমঞ্চে সকাল থেকে চলছিল বসন্তবরণ উৎসব। বসন্তবরণে ভিড় করা সমবেত নরনারীর মাথায়ও কালো কাপড়ে লেখা ছিল ‘রাজাকারের ফাঁসি চাই’। বেলা সাড়ে তিনটার দিকে বসন্তবরণের শোভাযাত্রা বের হয় ডিসি হিল থেকে। শোভাযাত্রা গণজাগরণমঞ্চে গিয়ে সংহতি জানিয়ে আসে। তখন বিচার চাই, ফাঁসি চাই স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে মঞ্চস্থল। সন্দেহজনক দুই ব্যক্তি আটক: গণজাগরণমঞ্চের নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে। কিন্তু এত নিরাপত্তার মধ্যেও গতকাল মঞ্চ এলাকা থেকে সন্দেহজনক চলাফেরার কারণে দুই শিবির কর্মীকে আটক করা হয় বলে জানা গেছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া বলেন, ‘দুজন সন্দেহজনকভাবে ঘুরছিলেন। তাঁরা ছবি তুলছিলেন। আমাদের সন্দেহ হওয়ায় তাঁদের চ্যালেঞ্জ করি। পরে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে তাঁদের শিবির কর্মী বলে মনে হচ্ছে।’