চট্টগ্রামে গণজাগরণ মঞ্চে শিক্ষার্থীরা
স্কুল শেষ করেই তারা বসে পড়েছে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চের সামনে। সবার সঙ্গে বলেছে, ‘ক থেকে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার।’ জামালখানের সেন্ট মেরিস ও এজি চার্চ স্কুলের শিক্ষার্থীদের বড় একটি অংশ গতকাল রোববার বিকেলে ভিড় করেছিল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান এই আন্দোলনে।টানা পঞ্চম দিনের মতো বন্দরনগর চট্টগ্রামে চলছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশ। গতকাল উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। তারপর শুরু হয় গণসংগীত ও স্লোগান। ঢাকার সঙ্গে মিল রেখে চট্টগ্রামের এ সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘গণজাগরণ মঞ্চ, চট্টগ্রাম’।সমাবেশে আসতে শুরু করেছে বিভিন্ন বয়সী শ্রেণী-পেশার মানুষ। বড় একটি অংশ ছিল আশপাশের স্কুলের শিক্ষার্থীরা। অভিভাবকদের সঙ্গে তারা বসে পড়ে সমাবেশস্থলে। সন্ধ্যা থেকে এই ভিড় আরও বাড়তে থাকে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নিপুন জানায়, ‘আমিও সবার সঙ্গে স্লোগান দিয়েছি। রাজাকারের ফাঁসি চাই।’কেউ মাথায় রাজাকারের ফাঁসি চাই-সংবলিত ব্যান্ড পরেছে, কারও হাতে জাতীয় পতাকা, আবার কারও বুকে আঁকা রাজাকারের প্রতি ঘৃণা উচ্চারণসংবলিত স্লোগান।স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গণজাগরণ মঞ্চ। ‘মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জামায়াতে ইসলামী মেড বাই পাকিস্তান, মন্দির, মসজিদ, গির্জায় রাজনীতির ঠাঁই নাই।’যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায় ঘোষণার পর চট্টগ্রামে প্রথম মানববন্ধন ও সমাবেশে নামে ‘সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ’। পরের দিন বুধবার থেকে এটি গণমানুষের আন্দোলনে পরিণত হয়। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দল-মতনির্বিশেষে প্রতিদিন এখানে হাজির হয়ে তাদের প্রতিবাদ জানায়। এখন এর নামকরণ করা হয়েছে গণজাগরণ মঞ্চ। রাতে মঞ্চে প্রতিদিন দেখানো হয় মুক্তিযুদ্ধভিত্তিক নানা চলচ্চিত্র।