চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল
জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিনসহ প্রকাশক ও ব্লগারদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে চট্টগ্রামে মশাল মিছিল বের করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের চেরাগি পাহাড় মোড় থেকে বের হওয়া মিছিলটি আন্দরকিল্লা, শহীদ মিনার হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান। তিনি বলেন, জাগৃতির প্রকাশকের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এ দেশে আজ মুক্তমনা লেখক, প্রকাশক, বুদ্ধিজীবী কেউ নিরাপদ নয়। একের পর এক হত্যাযজ্ঞ চললেও কোনো ঘটনায় বিচার হয়নি। এ জন্য হামলাকারী জঙ্গি গোষ্ঠীরা বেপরোয়া হয়ে উঠেছে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে এবং দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে এই হামলার পথ বেছে নেওয়া হয়। গণজাগরণ মঞ্চের ডাকা আজ মঙ্গলবারের অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানান তিনি।
এ সময় মঞ্চের সদস্যসচিব চন্দন দাশ, সংগঠক সুনীল ধর, ছাত্রনেতা আল কাদেরী, শিমুল বৈষ্ণব প্রমুখ উপস্থিত ছিলেন।