চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের লংমার্চের প্রতিবাদে এবং জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের কর্মীরা গতকাল শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল বের করেছেন। নগরের প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়। পরে মিছিলটি নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন মঞ্চের নেতা-কর্মীরা। গণজাগরণ মঞ্চ ঘোষিত সারা দেশে সড়ক অবরোধের অংশ হিসেবে তাঁরা এই কর্মসূচি পালন করেন। কর্মসূচির আগে জামাল খান প্রেসক্লাব চত্বরে নেতা-কর্মীরা জড়ো হন। সেখানে প্রতিবাদী গান ও স্লোগান দেন গণজাগরণ মঞ্চে আগত লোকজন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের প্রেসক্লাব চত্বর থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরে নিউমার্কেট মোড়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। মিছিল শেষে নিউমার্কেটে অনুষ্ঠিত সমাবেশে গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান ছাড়াও ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।