চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার, জামায়াত নিষিদ্ধের দাবি এবং হেফাজতের লংমার্চের প্রতিবাদে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চ গতকাল শনিবার সন্ধ্যায় নগরে মশাল মিছিল বের করেছে। মশাল মিছিলটি নগরের জামালখান প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বের হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে বিকেল থেকে গণজাগরণ মঞ্চের কর্মীরা নগরের প্রেসক্লাব চত্বরে জমায়েত হয়ে যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে স্লোগান দেয়। এ সময় সর্বস্তরের নারী-পুরুষ গণজাগরণ মঞ্চে অংশগ্রহণ করে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এ সময় ‘তোমার আমার ঠিকানা-পদ্মা মেঘনা যমুনা’, ‘তুমি কে আমি কে- বাঙালি বাঙালি’, ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার’ ইত্যাদি স্লোগান দেয়। এরপর সন্ধ্যায় মশাল মিছিল শুরু হয়। এর আগে গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান সংক্ষিপ্ত বক্তব্য দেন। শরীফ চৌহান জানান, জামায়াত শিবির যুদ্ধাপরাধীদের বাঁচাতে নানা পথে এগোচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্রে লাভ হবে না। যুদ্ধাপরাধীদের বিচার হবেই। বিচার শেষ না হওয়া পর্যন্ত তরুণ সমাজ ঘরে ফিরে যাবে না।শরীফ চৌহান আরও বলেন, ‘জামায়াত হেফাজতে ইসলামকে ব্যবহার করছে। আমরা আশা করব, হেফাজতে ইসলাম জামায়াতের বলয় থেকে বের হয়ে আসবে।’ এরপর মশাল মিছিল বের হয়। মিছিলটি নগরের প্রেসক্লাব থেকে শুরু করে চেরাগি পাহাড়, ডিসি হিল হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হয়।