মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় চট্টগ্রাম নগরে গতকাল বুধবার আনন্দ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। এসব কর্মসূচি থেকে মঞ্চের নেতা-কর্মীরা নিজামীর ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি জানান।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার খবর আসার পর গতকাল সকালে নগরের চেরাগী মোড়ে সমাবেশ করেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। সমাবেশে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, উদীচী চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক সুনীল ধর, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, পাকিস্তান মানবতাবিরোধীদের পক্ষে পাশে দাঁড়িয়েছে। এখন সময় এসেছে জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার। পাকিস্তানের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান তাঁরা। সমাবেশ শেষে নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল বের করা হয়।