চট্টগ্রামে গণধর্ষণের শিকার কিশোরীর জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমেদের আদালতে গতকাল বুধবার এক কিশোরী (১৬) জবানবন্দি দিয়েছে। এতে সে বলেছে, নগরের বায়েজিদ এলাকার কবরস্থানের পাশে একটি পাহাড়ের চূড়ায় গত শুক্রবার সে গণধর্ষণের শিকার হয়। উঠতি বয়সের ছয় ছেলে ঘটনার দিন সন্ধ্যায় তাকে পাহাড়ে নিয়ে যায়।আদালত সূত্র জানায়, ধর্ষণের শিকার কিশোরী জবানবন্দিতে তার ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা দেয়। সে আদালতে বলে, ‘কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে কয়েকজন ছেলে আমাকে ধরে জোর করে পাহাড়ের দিকে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আমার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়ি। পরে বাসায় গেলে আমাকে হাসপাতালে পাঠানো হয়।’বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ছয় কিশোর মেয়েটিকে ধর্ষণ করে, যাদের মধ্যে আমরা পাঁচজনের পরিচয় পেয়েছি। ২৪ এপ্রিল এ ঘটনায় মামলা হওয়ার পর আমরা দ্রুত অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছি।’আদালত সূত্র জানায়, সাইফুল, হেলাল, রুবেল (১), রাসেল ও রুবেল (২) মেয়েটির ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে। মহানগর হাকিম তাদের নাম নথিভুক্ত করেছেন। তবে অন্য এক কিশোরের নাম মেয়েটি বলতে পারেনি।