চট্টগ্রামে গণপরিবহনে নৈরাজ্য থামছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর এলাকার কয়েকটি রাস্তা চওড়া করা হয়েছে। তবে এর সুবিধা পাচ্ছে না নগরবাসী। কারণ, রাস্তার মাঝখানে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো হচ্ছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে যানজটে নাকাল নগরবাসী। এই অবস্থাকে গণপরিবহনের নৈরাজ্য বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গণপরিবহনে নৈরাজ্যের কারণে চট্টগ্রাম মহানগরের জিইসি মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, আন্দরকিল্লা, নিউমার্কেট, বাদামতলী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট লেগেই থাকছে। এতে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ভোগান্তিও বাড়ছে নগরবাসীর। এর জন্য নগর এলাকার সিটি বাসগুলোকে দায়ী করেছে নগর পুলিশের পরিবহন বিভাগ।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নগরের আন্দরকিল্লা মোড়, সিরাজদ্দৌলা সড়ক, সদরঘাট সড়ক চওড়ার কাজ শেষ করেছে অনেক আগেই। মুরাদপুর-হাটহাজারী সড়ক, ডিটি সড়ক, পাঠানটুলী সড়ক, বহদ্দারহাট থেকে চকবাজার এবং মুরাদপুর থেকে অলি খাঁ মসজিদ সড়কের চওড়ার কাজ চলছে। রাস্তা চওড়া হলেও আন্দরকিল্লায় যানজট কমেনি, বরং বেড়েছে। আর সিরাজদ্দৌলা সড়কে কয়েক কদম অন্তর বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো হচ্ছে। আর সদরঘাট সড়ক যেন ট্রাকস্ট্যান্ড। জানতে চাইলে নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘আসলে বাসচালকদের কারণে নগরে যানজট হচ্ছে। ওরা যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো চলছে। চালকদের কাছে মালিকেরাও জিম্মি বলে অনেক মালিক আমাদের কাছে তাঁদের অসহায়ের কথা জানিয়েছেন।’কুসুম দেওয়ান আরও বলেন, বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা আনতে পারে।বিআরটিএর উপপরিচালক এস কে বিশ্বাস বলেন, ‘চট্টগ্রাম নগরে গণপরিবহনের নৈরাজ্য থামানোর কাজ ট্রাফিক পুলিশের। পুলিশ তাদের দায়িত্ব পালন করলেই যত্রতত্র বাস বা অন্য গণপরিবহন থামানো বন্ধ করা যাবে। আমাদের সীমিত জনবল দিয়ে কি পরিবহনব্যবস্থা নৈরাজ্য বন্ধ করা সম্ভব?’ এক প্রশ্নের জবাবে এস কে বিশ্বাস বলেন, ‘আমরা মাসে দু-তিনবার ভ্রাম্যমাণ আদালত বসাব। শিগগির এ ব্যবস্থা কার্যকর হবে।’বন্দরনগরে ১১ রুটে ৭৯০টি যাত্রীবাহী সিটিবাস রয়েছে। নিয়মিত চলাচল করছে ৪৫০টি বাস। এ ছাড়া আট হাজারের বেশি সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার ৬০৫ এবং টেম্পো এক হাজার ৬০০ চলাচল করছে। এসব গণপরিবহনে প্রতিদিন হাজার হাজার যাত্রী পরিবহন হয়ে আসছে। নির্দিষ্ট বাসস্ট্যান্ড ছাড়াও নগরের বিভিন্ন সড়ক ও মোড়ে যাত্রী ওঠানো-নামানো হচ্ছে। বাসগুলো এমনভাবে থামানো হয়, যাতে পেছনের গাড়িগুলো আর সামনের দিকে অগ্রসর হতে না পারে। চট্টগ্রাম নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাঁ দিকে চলাচলের জন্য আলাদা লেন করা হয়েছে। ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বললেও বাঁ দিকে গাড়ি চলে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু বাঁ দিকের ফাঁকা লেনে যাত্রীবাহী বাসগুলো এমনভাবে দাঁড় করানো হয়, যাতে পেছনের গাড়িগুলো আরও আটকে যায়। চট্টগ্রাম গণপরিবহনে নৈরাজ্যের কথা স্বীকার করে সিটি বাস মিনিবাস হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘চালক-সহকারীদের বারবার বকাবকি করেও কিছু হয় না। আসলে আমাদের পরিবহনশ্রমিকেরা প্রশিক্ষণপ্রাপ্ত নয় তো, তাই বোঝে না।’