চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকায় চুরির অভিযোগে পিটিয়ে এক ব্যক্তিকে (২৩) হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।’ তিনি বলেন, ‘নিহত ব্যক্তির বিরুদ্ধে চুরির যে অপবাদ দেওয়া হচ্ছে, তা রহস্যজনক। তদন্তে আমরা সব বের করব।’চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক দেওয়ান রিটু জানান, ‘গণপিটুনিতে অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে কাপাসগোলা এলাকার আবদুল হাকিম লেনের একটি বাড়িতে চুরি হয় বলে প্রচারণা চালানো হয়। এ সময় ওই বাড়ির ভেতরে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে পিটুনি দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, পরে তাঁকে ‘চোর’ বলে পথচারীদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় এলাকার লোকজন ও পথচারীরা তাঁকে পিটুনি দেয়। পরে ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়।নিহত ব্যক্তি মেডিকেল কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে বলে পুলিশ ধারণা করছে।