চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচি
সরকার দেশকে জবাবদিহিহীন লুণ্ঠনের রাজত্বে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, সন্ত্রাস, লুণ্ঠন ও স্বৈরতন্ত্রের রাজনীতি করা বিএনপি-জামায়াত জোটকেও জনগণ প্রত্যাখ্যান করেছে। এই দুই জোটের অতীত-বর্তমান প্রমাণ করে, তারা দেশকে গণতান্ত্রিক, আত্মমর্যাদাসম্পন্ন, অসাম্প্রদায়িক রাষ্ট্রে রূপান্তর করতে অক্ষম। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা শাখার সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জোনায়েদ সাকি বাঁশখালীর গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে আন্দোলন করা লোকজনের গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ এবং তাঁদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন হাসান মারুফ। উপস্থিত ছিলেন সদস্য মির্জা আবুল বশর, ইকরামুন্নেসা চম্পা, নজরুল ইসলাম, ফরহাদ জামান প্রমুখ।