চট্টগ্রামে গণিত উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সেন্ট প্লাসিডস স্কুল ও কলেজে আজ শুক্রবার অনুষ্ঠিত হবে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। দিনভর এ উৎসবে চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেবে। সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কে এম রেজা, সেন্ট প্লাসিডস স্কুল ও কলেজের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ লুইস রোজারিও, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় উৎসব আয়োজনে যুক্ত রয়েছে গণিত অলিম্পিয়াড কমিটি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হবে পরীক্ষা। দিনব্যাপী এ উৎসবে গণিত নিয়ে নানা আয়োজনের পাশাপাশি থাকছে প্রশ্নোত্তর পর্ব ও রুবিকস কিউব প্রতিযোগিতা। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে চট্টগ্রাম বন্ধুসভা।