চট্টগ্রামে গণিত উৎসব আজ
ডাচ্ বাংলা ব্যাংক-প্রথম আলোর আয়োজনে আজ মঙ্গলবার চট্টগ্রামে শুরু হচ্ছে গণিত উৎসব। সকাল সাড়ে আটটা থেকে শুরু হবে উৎসবের কার্যক্রম। নগরের সেন্ট প্লাসিডস স্কুলে দিনব্যাপী এ উৎসব চলবে।উৎসবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমি বিভাগের প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক নীল রতন ভট্টাচার্য, সেন্ট প্লাসিডস স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ গোমেজ, এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম, ডাচ্ বাংলা ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান সৈয়দ আকতার মাহমুদ, গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার, সাধারণ সম্পাদক মুনির হাসান, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন প্রমুখ।গণিত উৎসবে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার ১৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট এক হাজার ২০০ জন শিক্ষার্থী অংশ নেবে। গণিত উৎসবের পাশাপাশি থাকবে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সাংস্কৃতিক অনুষ্ঠান।