চট্টগ্রামে গভীর রাতে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের ভূঁইয়া গলির মুখে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার খুলশী থানায় মামলা হয়েছে। 

পুলিশ সূত্র জানায়, নগরের স্যানমার ওশানের ব্যবসায়ী আনিসুর রহমান সোমবার রাতে বেচাকেনা শেষ করে সিএনজিচালিত অটোরিকশায় করে জাকির হোসেন সড়কের নিজ বাসায় ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে আরও তিনজন ছিলেন। রাত পৌনে তিনটার দিকে ভূঁইয়া গলির কাছাকাছি গেলে তাঁদের গাড়ির পথ রোধ করে মোটরসাইকেল আরোহী চার সশস্ত্র সন্ত্রাসী। অস্ত্রের মুখে দুর্বৃত্তরা তাঁদের কাছে একটি থলেতে থাকা ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। 

ব্যবসায়ী আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সানমার ওশানে আমার তিনটি দোকান রয়েছে। ঈদে বেচাকেনা ভালো হয়। সোমবার তিনটি দোকানের তৈরি পোশাকসহ নানা সামগ্রী বিক্রি করে ১০ লাখ টাকা পাওয়া যায়। ওই টাকা নিয়ে আমরা বাসায় ফিরছিলাম।’

আনিসুর রহমান আরও বলেন, ‘গাড়ি ভূঁইয়া গলির কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে চার সশস্ত্র সন্ত্রাসী এসে আমাদের পথ রোধ করে। একপর্যায়ে একজন সন্ত্রাসী টাকার থলে হাতে থাকা আমাদের একজনের বুকে পিস্তল ধরে। আরেক দুর্বৃত্ত ছোরার ভয় দেখিয়ে টাকাভর্তি থলে নিয়ে দ্রুত চলে যায়।’

অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের চিহ্নিত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তদন্তে অগ্রগতি হওয়ার মতো কোনো খবর এখনো নেই।