চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দরের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়াকে কেন্দ্র করে দ্রুত বিকাশমান অর্থনৈতিক প্রবৃদ্ধির এ যুগে নিজেদের প্রস্তুত করতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশিষ্টজনেরা। গতকাল শনিবার নগরের একটি হোটেলে এক গোলটেবিল আলোচনায় তাঁরা এ মত ব্যক্ত করেন।‘আঞ্চলিক সহযোগিতার জন্য বন্দর ও গভীর সমুদ্রবন্দরের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। ‘ফোরাম ফর পিপলস ভয়েস’ এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং এশীয় উন্নয়ন ব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক সুলতান হাফিজ রহমান। আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নসরুল কাদির, অধ্যাপক মো. শাহ, অধ্যাপক ফজলুল হক ও শাহ আলম, ফোরাম ফর পিপলস ভয়েসের সভাপতি মনজুরুল আমিন চৌধুরী প্রমুখ। হোসেন জিল্লুর রহমান বলেন, আঞ্চলিক বাণিজ্যকেন্দ্রে পরিণত করতে হলে চারটি বিষয়ে নজর দিতে হবে। এগুলো হলো: চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে হবে; বিশ্বমানের বন্দরের পাশাপাশি চট্টগ্রামকে বিশ্বমানের নগরে পরিণত করতে হবে; গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে হবে এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণে ভারত, চীন, মিয়ানমার ও যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করতে হবে।সুলতান হাফিজ রহমান বলেন, যে হারে সমুদ্রপথে পণ্য পরিবহন বাড়ছে, তাতে চট্টগ্রাম ও মংলা বন্দর পর্যাপ্ত নয়। এই বন্দরে কনটেইনারবাহী বড় জাহাজ ভিড়তে পারে না। গভীর সমুদ্রবন্দরে ১৪ মিটার গভীরতার বড় জাহাজ ভিড়তে পারবে। প্রবৃদ্ধি দ্বিগুণ করতে হলে গভীর সমুদ্রবন্দর ছাড়া সম্ভব নয়।