চট্টগ্রামে গরমের শুরুতেই তীব্র পানিসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসা পানি সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে গত পাঁচ বছরে পাঁচটি প্রকল্প সমাপ্ত করলেও কাঙ্ক্ষিত পরিমাণে পানি উৎপাদন বাড়েনি।
এক বছর আগের তুলনায় বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় দুই কোটি লিটার পানি কম উৎপাদিত হচ্ছে। এতে করে গরমের শুরুতেই পানির তীব্র সংকটে পড়েছেন নগরবাসী। চলতি গ্রীষ্ম মৌসুমে এ সংকট আরও চরম হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
পানির উৎপাদন কমে যাওয়ার জন্য বেশ কিছু কারণকে দায়ী করেছেন ওয়াসার দায়িত্বশীল ব্যক্তিরা। এর মধ্যে রয়েছে চলতি বছরে নতুন কূপ খনন না হওয়া, পানির স্তর নিচে নেমে যাওয়া, পানিতে অতিমাত্রায় আয়রনের উপস্থিতি এবং পুরোনো নলকূপের কার্যক্ষমতা কমে যাওয়া।
ওয়াসা সূত্রে জানা গেছে, নগরে পানির চাহিদা ৫০ কোটি লিটার ধরা হয়। এর বিপরীতে বর্তমানে ১৯ কোটি লিটার সরবরাহ করা হচ্ছে, যা চাহিদার অর্ধেকেরও কম। গত বছর ২১ কোটি লিটার পানি সরবরাহ করতে পেরেছিল ওয়াসা। এসব পানির মধ্যে হালদার মোহরা পানি শোধনাগার থেকে পাওয়া যায় দৈনিক নয় কোটি লিটার। আর বাকি পানি উৎপাদন করা হয় নগরের ৯৫টি গভীর নলকূপ থেকে।
ওয়াসা জানিয়েছে, জরুরি পানি সরবরাহ প্রকল্পের আওতায় গত তিন বছরে নতুন ২০টি গভীর নলকূপ খনন করা হয়েছে। ধারণা করা হয়েছিল, এতে দৈনিক চার কোটি লিটার পানি বেশি উৎপাদন করা যাবে। এ ছাড়া বিদ্যুৎ-সংকটে পানি উত্তোলন যাতে ব্যাহত না হয়, সে কারণে ২০টি জেনারেটর বসানো হয়েছে। ৩৭টি গভীর নলকূপে স্থাপন করা হয়েছে এক্সপ্রেস পাওয়ার লাইন। এ ছাড়া মোহরা ও কালুরঘাটে নতুন পাম্প ও মোটর বসানো হয়েছে। কিন্তু শতকোটি টাকা ব্যয়ের পরও কাঙ্ক্ষিত মাত্রায় পানি সরবরাহ বাড়ানো যায়নি।
ওয়াসা সূত্রে জানা গেছে, আরও ১৫টি নলকূপ খননের জন্য গত বছরের এপ্রিলে ‘জরুরি পানি সরবরাহ ও নলকূপ পুনর্বাসন প্রকল্প’ নামে একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এটি এখনো অনুমোদন পায়নি।
এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘২০টি নতুন গভীর নলকূপ খনন প্রকল্প চলার সময়ে ওয়াসার পানি উৎপাদন বেড়েছিল। কিন্তু নতুন নলকূপ খননের জন্য পাঠানো প্রকল্পটি নানা জটিলতায় মন্ত্রণালয়ে আটকে আছে। প্রস্তাব পাঠানোর আট মাস পর মন্ত্রণালয় এবারই প্রথম পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়ার কথা বলছে।’
এর আগে এতগুলো নলকূপ খননের পরেও কেন পানি সরবরাহ বাড়েনি, এ বিষয়ে জানতে চাইলে এ কে এম ফজলুল্লাহ জানান, প্রতিবছর শুষ্ক মৌসুমে নলকূপের উৎপাদনক্ষমতা কমে, দু-চারটি বন্ধও হয়ে যায়। তখন নতুন কূপ খনন করে উৎপাদন স্বাভাবিক রাখা হয়। আর গরমের সময়ে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক নলকূপেই পানি ঠিকমতো পাওয়া যাচ্ছে না।
নগরের পাহাড়তলীর বাসিন্দা আরিফুল হক বলেন, ‘আগে সপ্তাহে চার দিন পানি পেতাম। এখন দুই দিনও ভালোমতো পানি পাই না।’ আর আসকারদীঘির দক্ষিণ পাড়ের বাসিন্দা উম্মে সালমা জানান, এক মাস ধরে তাঁরা ঠিকমতো পানি পাচ্ছেন না। সকালে এক ঘণ্টা পানি আসে লাইনে। তা দিয়ে সারা দিন চলা সম্ভব হয় না।
কিছুদিন আগে পানি না পেয়ে ওয়াসার দুজন প্রকৌশলীকে আটকে রেখেছিলেন হালিশহরের বাসিন্দারা। গরম বাড়লে পানির সংকট আরও তীব্র হবে বলে স্বীকার করেছেন ওয়াসার কর্মকর্তারা।
ওয়াসার প্রধান প্রকৌশলী আবদুল করিম চৌধুরী বলেন, ‘চলতি মৌসুমের সংকট কাটাতে নতুন নলকূপ খনন খুবই জরুরি। কিন্তু মন্ত্রণালয় থেকে এবার টাকা পাওয়া যায়নি। আপাতত সংকট সমাধানের জন্য রাজস্ব থেকে টাকা নিয়ে এ বছর দু-একটা গভীর নলকূপ খনন করা করা যায় কি না, সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।’