চট্টগ্রামে গরুবাহী ট্রাকের চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবাহী ট্রাকের চালককে গুলি করে হত্যায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার তাঁদের ঢাকার সাভার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন সাদ্দাম হোসেন (৩১) ও মো. তুহিন (১৯)।

গত ১৬ জুলাই চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে গরুবাহী ট্রাকের চালক আবদুর রহমানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় হত্যা মামলা হয়।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, ট্রাকচালক আবদুর রহমান হত্যাকাণ্ডের মামলাটি ছায়াতদন্ত শুরু করে র‍্যাব–৭। র‍্যাবের তদন্তে এই হত্যাকাণ্ডে জড়িত দুজনের নাম উঠে আসে। পরে সাভারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গরুর মালিক মো. মিলন মোল্লা সেদিন একটি ট্রাকে করে ১২টি গরু নিয়ে মাগুরা সদর উপজেলার গাংনালিয়া থেকে চট্টগ্রামের বিবিরহাট গরুর বাজারের উদ্দেশে রওনা দেন। রাত ১০টার দিকে নোয়াখালী পৌঁছালে তাঁদের একটি গরু অসুস্থ হয়ে মারা যায়। এরপর মিলন সিদ্ধান্ত নেন, দুটি ট্রাকে করে গরুগুলো বিবিরহাট আনবেন। নোয়াখালী থেকেই আবদুর রহমানের গাড়িটি ভাড়া করে সঙ্গে এক ব্যক্তিকে দিয়ে চারটি গরু তুলে দেন।

পরে দুটি ট্রাক গরু নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। ভোরে আবদুর রহমানের গাড়িটি ফৌজদারহাট–বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে এলে একটি পিকআপ ভ্যান তাঁদের গাড়ির গতি রোধ করে। এ সময় ট্রাকের বাঁ পাশে দুজন আর ডান পাশে দুজন দুর্বৃত্ত দাঁড়ায়। পরে একজন পিস্তল নিয়ে সামনে ওঠে। এ সময় চালক তাঁকে (ইব্রাহিম) জিজ্ঞেস করেছিলেন, কোথাও তিনি কোনো গাড়িকে চাপ দিয়েছিলেন কি না। ‘না’ বলার পর চালক বুঝে যান ডাকাতের কবলে পড়েছেন। তখন গাড়ির দরজা-জানালা লক করে দিয়ে ডাকাতদের নিয়ে গাড়িটি টান দেন। এতে ক্ষিপ্ত হয়ে চালককে গুলি করে এক ডাকাত।