চট্টগ্রামে গরুর মাংসের ক্রেতা নেই, মুরগির দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি কাঁচা বাজারে প্রতিদিন নয়টি দোকানে গরুর মাংস বিক্রি হয়। অথচ গতকাল শুক্রবার মাত্র একটি দোকানে ঝুলছিল গরুর মাংস। ছুটির দিন হিসেবে গতকাল বাজারে ক্রেতাদেরও ভিড় ছিল। কিন্তু একমাত্র মাংস বিক্রেতার দোকান ফাঁকা। একই চিত্র রেয়াজউদ্দিন বাজার, চৌমুহনী, ফিরিঙ্গীবাজার, বকশিরহাট, চকবাজার, বহদ্দারহাটসহ নগরের ১৭টি কাঁচা বাজারে।কাজীর দেউড়ি বাজারের মাংস বিক্রেতা মোহাম্মদ মঞ্জু বলেন, ‘গরুর একটি রোগের (অ্যানথ্রাক্স) কথা প্রচার হওয়ার পর থেকে মানুষ আর গরুর মাংস খাচ্ছে না। নয়টি দোকানে প্রতিদিন ১৫-১৬টি গরু জবাই করা হতো। আমি গরুর মাত্র দুটো ঊরু কিনে এনেছি। দামও ৫০-৮০ টাকা কমিয়ে দিয়েছি। তারপরও ক্রেতা নেই।’গরুর মাংস কেনার বদলে ক্রেতারা এখন ভিড় করছেন মুরগি ও মাছের বাজারে। এ সুযোগে মুরগির দাম কেজিতে ২০-৩০ টাকা বাড়ানো হয়েছে। বেড়েছে মাছের চাহিদাও। চট্টগ্রাম প্রাণিসম্পদ বিভাগ, ব্যবসায়ী সমিতি, মাংস বিক্রেতাসহ সবাই অ্যানথ্রাক্সে আতঙ্কিত না হতে পোস্টার, প্রচারপত্র, সংবাদ সম্মেলন করছেন। সাগরিকা গরুর বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে, ‘চট্টগ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু নেই।’চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তাহের মৃধা বলেন, ‘অ্যানথ্রাক্স ছোঁয়াচে রোগ নয়। সুস্থ গরুর মাংস খেলে কোনো সমস্যা নেই।’ তবুও চট্টগ্রামের মানুষ প্রতিদিনের খাদ্যতালিকা থেকে তাদের পছন্দের গরুর মাংস আপাতত বাদ দিয়েছে।গতকাল ফিরিঙ্গীবাজার কসাইখানায় গিয়ে দেখা যায়, এখানে মাত্র আটটি গরু জবাই হয়েছে। এখানে জবাই করা গরুর মাংস যাচ্ছে রেয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি বাজার, চকবাজার ও বকশিরহাটসহ ছোটখাটো কাঁচা বাজারে। কসাইখানার কসাই রমজান আলী বলেন, ‘আমি ২৬ বছর ধরে এখানে গরু জবাই করছি। রোজা ও রোজার আগে প্রতিদিন ৫০-৬০টি গরু জবাই করেছি। আজ করলাম মাত্র আটটি। অথচ শুক্রবার ছুটির দিন হিসেবে তা বেশি হওয়ার কথা ছিল।’গরুর পাশাপাশি ছাগলের মাংসের চাহিদাও কমেছে। তবে ছাগলের বাজারে গরুর মাংসের মতো অ্যানথ্রাক্সের প্রভাব পড়েনি। কাজীর দেউড়ি বাজারের ছাগলের মাংস বিক্রেতা বাবুল বলেন, ‘অ্যানথ্রাক্সের কারণে ছাগলের মাংস কম বিক্রি হচ্ছে। ছাগলে অ্যানথ্রাক্স আছে নাকি?’রেয়াজউদ্দিন বাজারসহ কয়েকটি বাজারে গরুর মাংস কেজিপ্রতি ২২০-২৮০ টাকা ও ছাগলের মাংস ৩৩০-৩৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অন্যদিকে ফার্মের মুরগি কেজিপ্রতি ১৭০-১৮০ টাকা ও দেশি মুরগি ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা মুরগি বিক্রেতা মো. সোলায়মান বলেন, ‘অ্যনথ্রাক্স দেখা দেওয়ার পর মুরগির চাহিদা বেড়েছে। পাইকারি বাজারেও দাম বেড়েছে।’ মাছ বিক্রেতা মো. নূর মোহাম্মদ জানান, মাছ বেশি চলছে।আরেকজনের চিকিৎসা: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানথ্রাক্সে আক্রান্ত সন্দেহে মো. ওয়াসিম (১২) নামের এক কিশোরকে গতকাল দুপুরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ওয়াসিমের আদৌ অ্যানথ্রাক্স হয়েছে কি না, তা পরীক্ষার পর জানা যাবে। এর আগে গত বুধবার একই হাসপাতালে পরীক্ষার পর আতিকুর রহমান নামের এক যুবককে অ্যানথ্রাক্সের রোগী হিসেবে শনাক্ত করা হয়েছিল। তিনি এখন সুস্থ আছেন।ওয়াসিমের হাতে ফোস্কার মতো ফোঁড়া হয়েছে। এসব দেখে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে অ্যানথ্রাক্স সন্দেহে চিকিৎসা দেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রূপম ভট্টাচার্য বলেন, ‘ওয়াসিমের শরীরে অ্যানথ্রাক্সের কিছু লক্ষণ পাওয়া গেছে। তাই অ্যানথ্রাক্স সন্দেহে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে শনিবার পরীক্ষা-নিরীক্ষার পর তা নিশ্চিত করে বলা যাবে।