চট্টগ্রামে গাড়ি পার্কিংয়ের জায়গায় বিপণিবিতান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের গোলপাহাড়, মিমি সুপার, মেহেদীবাগ, জিইসি মোড় এলাকায় পার্কিংয়ের জায়গায় বিপণিবিতান ও হাসপাতাল চালু করা নিয়ে নগর পুলিশের যানবাহন শাখার কর্মকর্তারা উদ্বিগ্ন। এসব বিপণিবিতানের বেশির ভাগ ক্রেতা অভিজাত পরিবারের সদস্য। সংশ্লিষ্ট এলাকা থেকে বিপণিবিতান উচ্ছেদের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সহযোগিতা চাইবে পুলিশ প্রশাসন।
নগরের প্রবর্তক মোড়, মিমি সুপার এলাকা, গোলপাহাড় মোড়, জিইসি মোড়, মেহেদীবাগ এবং চট্টেশ্বরী মোড়ের যানজট সাধারণ মানুষকে ভোগাচ্ছে। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হচ্ছে এসব এলাকার বিভিন্ন মোড়ে। এই অবস্থায় পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট এলাকার রাস্তাগুলোকে যানজটমুক্ত রাখার উদ্যোগ নিয়েছে।
পুলিশের যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মিমি সুপার মার্কেটসংলগ্ন আফমি প্লাজার নিচতলায় আগোরা নামের একটি সুপার স্টোর রয়েছে। অথচ ওই জায়গাটি গাড়ি রাখার জন্য সংরক্ষিত। বিভিন্ন ক্রেতা ওই স্টোরে কেনাকাটার জন্য যায়। তাঁদের গাড়ি রাস্তার ওপর রাখা হয়। একইভাবে গোলপাহাড়ে স্বপ্ন নামের আরেকটি সুপার স্টোর করা হয়েছে গাড়ি রাখার জায়গায়। সেখানেও প্রচণ্ড যানজট সৃষ্টি হচ্ছে।’
উপকমিশনার ফারুক আহমেদ আরও বলেন, ‘মেহেদীবাগ, ওআর নিজাম সড়ক ও জিইসি মোড় এলাকায় অনেক হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। কিন্তু রোগীদের গাড়ি রাখার কোনো ব্যবস্থা নেই। বাধ্য হয়ে সবাই আশপাশের রাস্তা গাড়ি রাখার জায়গা হিসেবে ব্যবহার করে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যানজট মারাত্মক আকার ধারণ করেছে। তাই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি পাঠাব, যাতে ভবনগুলোর নিচতলা থেকে বিপণিবিতান উচ্ছেদ এবং হাসপাতালগুলোতে রোগীদের গাড়ি রাখার সুনির্দিষ্ট ব্যবস্থা করা হয়।’
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘বহুতল এবং বাণিজ্যিক ভবনগুলোর নিচতলা অবশ্যই গাড়ি রাখার জন্য সংরক্ষিত। কেউ ইমারত আইন বরখেলাপ করলে ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশের যানবাহন শাখার বক্তব্য কী, সেটা আগে আমাদের হাতে এলে আরও সুবিধা হয়। তখন আমরা সমম্বয় করে কাজ করব।’
এদিকে গোলপাহাড় থেকে চকবাজার পর্যন্ত অনেকগুলো ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র রয়েছে। গতকাল রোববার সংশ্লিষ্ট ক্লিনিকের মালিকের সঙ্গে যানবাহন শাখার পুলিশের বৈঠক হয়। বৈঠকে সংশ্লিষ্ট মালিকদের গাড়ি রাখার জন্য বড় একটি ভবন ভাড়া করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে রাস্তা যানজটমুক্ত থাকে।
উপকমিশনার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম মেডিকেলের পাশে বিভিন্ন ক্লিনিকের মালিকদের একটি ভবন ভাড়া করার পরামর্শ দিয়েছি। রাস্তার ওপরে আমরা যানজট সৃষ্টি হতে দেব না। যানজট সহনীয় পর্যায়ে রাখতে জিইসি, প্রবর্তক, গোলপাহাড় মোড় ও মেহেদীবাগ এলাকায় আমরা প্রতিদিন গড়ে যানবাহন আইনে ৬০-৭০টি গাড়ির বিরুদ্ধে মামলা নিচ্ছি।’