চট্টগ্রামে গাড়ির কাচ পরিবর্তনের হিড়িক
চট্টগ্রামে গাড়ির কালো কাচ পরিবর্তনের হিড়িক পড়েছে। এদিকে যাঁরা কালো কাচের গাড়ি ব্যবহার করছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করছে পুলিশের যানবাহন শাখা। তবে বিদেশ থেকে সরাসরি আমদানি করা কালো কাচের গাড়ির বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ৷
গুম, অপহরণ, খুনসহ অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের যানবাহন থেকে কালো কাচ পরিবর্তন করে স্বচ্ছ কাচ লাগানোর নির্দেশ দিয়েছে৷ ১০ মের মধ্যে এই নির্দেশনা কার্যকরের কথাও বলা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই নির্দেশনার প্রেক্ষাপটে চট্টগ্রাম নগরে কালো কাচের গাড়ির মালিকেরা কাচ পরিবর্তন শুরু করেছেন৷
বিআরটিএ সূত্র জানায়, চট্টগ্রামে নগরে চলাচলের জন্য বিআরটিএ ৩৮ হাজার মোটরকার, মোটরজিপ ও মাইক্রোবাসের নিবন্ধন দিয়েছে৷ এ ছাড়া চট্টগ্রাম জেলা ও অন্য জেলায় নিবন্ধন করা আরও শত শত গাড়ি চট্টগ্রামে চলছে। বেশির ভাগ ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট কার) কাচ কালো।
নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কালো কাচ না সরানোর কারণে আমরা চলতি মাসে ৯৪৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছি। দুই ধরনের গাড়ির বিরুদ্ধে আমরা মামলা করছি। প্রথমত, যেসব গাড়ির কাচে কালো পেপার লাগানো আছে৷ দ্বিতীয়ত, আমদানি করার পর স্বচ্ছ কাচ ফেলে দিয়ে যেসব গাড়িতে কালো কাচ লাগানো হয়েছে৷’
ফারুক আহমেদ বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে তাঁরা কালো কাচের গাড়ির বিরুদ্ধে মামলা করছেন৷ তিনি জানান, মোটরযান আইন অনুযায়ী গাড়িতে কালো কাচ ব্যবহার নিষিদ্ধ৷
ব্যবসায়ী আবুল কালাম বলেন, ‘কালো কাচ সরানোর জন্য আমি গ্যারেজে গাড়ি পাঠিয়েছি৷ কিন্তু খুচরা যন্ত্রাংশের দোকানে স্বচ্ছ কাচের সংকট দেখা দিয়েছে। তাই আমার গাড়ির কাচ পরিবর্তনের জন্য তারা তিন দিন সময় চেয়েছে৷’
উপপুলিশ কমিশনার ফারুক আহমেদ বলেন, ‘বিদেশ থেকে আমদানি করার সময় যেসব গাড়ির কাচ কালো ছিল, সেসব গাড়ির বিরুদ্ধে আমরা কোনো মামলা করছি না৷ এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনার অপেক্ষায় আছি আমরা। নির্দেশনা পাওয়ার পর আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’
গাড়ির খুচরা যন্ত্রাংশ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, একধরনের গাড়ি আমদানি হয়, যার পেছনের কাচের সঙ্গে লাগানো কালো পেপার সরানো যায়। এই কালো পেপার সরালে কাচ স্বচ্ছ হয়। আরেক ধরনের গাড়ি আছে, যার সামনের বা পেছনের কাচের পেপার সরানো যায়। কিন্তু গাড়ির দুই পাশের কাচ থাকে কালো৷ জাপান থেকে আমদানি করা এ ধরনের গাড়ির জন্য স্বচ্ছ কাচ জাপানে তৈরি হয় না।
আগ্রাবাদ শেখ মুজিব সড়কের গাড়ির খুচরা যন্ত্রাংশ ব্যবসায়ীরা জানান, গাড়ির সামনে ও পেছনের কালো কাচ সরিয়ে স্বচ্ছ কাচ লাগানো সহজ। কিন্তু দুই দিকের কাচ কালো হলে বিপত্তি। কারণ, একই আদলের স্বচ্ছ কাচ জাপানে তৈরি হয় না। অন্য দেশ থেকে এই আদলের স্বচ্ছ কাচ এলেও তা নিম্নমানের৷