চট্টগ্রামে গানে গানে বিশ্বকবিকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ডিসি হিলে গতকাল বিকেলে পঁচিশে বৈশাখের আয়োজনে নাচের একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের ডিসি হিলে গতকাল বিকেলে পঁচিশে বৈশাখের আয়োজনে নাচের একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো

হে নূতন, দেখা দিক আর-বার জন্মেরও প্রথম শুভক্ষণ’ কিংবা ‘আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ’—গান, নৃত্য, আবৃত্তি আর কথামালার মধ্য দিয়ে গতকাল সোমবার চট্টগ্রামে রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। বিকেলে ডিসি হিলের মুক্তমঞ্চ ও শিল্পকলা একাডেমিতে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিসি হিলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত পঁচিশে বৈশাখ উদ্যাপন পরিষদ। অভ্যুদয় সংগীত অঙ্গনের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে এখানে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভিন্ন সংগঠন একক ও দলীয় সংগীত পরিবেশন করে। দলীয় নৃত্য পরিবেশন করে ওডিশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট, দ্য স্কুল অব ফোক ড্যান্স ও গুরুকূল। দলীয় আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন, স্বরনন্দন প্রমিত বাংলা চর্চাকেন্দ্র ও তারুণ্যের উচ্ছ্বাস। আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এদিকে রবীন্দ্র জন্মজয়ন্তীতে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে প্রথম অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রয়াত সংগীতজ্ঞ ওস্তাদ মিহির নন্দীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত। এতে আরও বক্তব্য দেন শিল্পকলা একাডেমির কার্যকরী পরিষদের সদস্য জেসমিন সুলতানা ও সাইফুল আলম। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন সিকদার।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে গান গাইছেন শিল্পীরা।  ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে গান গাইছেন শিল্পীরা। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

জন্মজয়ন্তীতে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান-কবিতা প্রেরণা জুগিয়েছিল মুক্তিযুদ্ধে। বাঙালি যত দিন বেঁচে থাকবে, তত দিন রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টির মাঝে বেঁচে থাকবেন। তাঁর সৃষ্টির মধ্যে বাঙালি প্রেরণা খোঁজে।
আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া অভ্যুদয় সংগীত অঙ্গন, সঙ্গীততীর্থ, ওডিশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার, ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র ও নটরাজ দলীয় নৃত্য পরিবেশন করে। একক সংগীত পরিবেশন করেন শিল্পী মো. মোস্তফা কামাল, শ্রেয়সী রায়, শান্তা গুহ, এলড্রিন ও সেঁজুতি দে।