চট্টগ্রামে গার্ডার ধসের পর চউকের উন্নয়নকাজ স্থবির
চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে উড়ালসড়কের গার্ডার ধসে পড়ার পর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সব উন্নয়ন প্রকল্পে স্থবিরতা দেখা দিয়েছে। সংস্থাটির অন্যতম বড় প্রকল্প হিসেবে পরিচিত বহদ্দারহাট উড়ালসড়কের নির্মাণকাজ কার্যত বন্ধ রয়েছে। গত ২৪ নভেম্বর বহদ্দারহাট উড়ালসড়কের তিনটি গার্ডার ধসে পড়ে। এতে ১২ জন নিহত হন এবং আহত হন আরও ২০ জন। ওই ঘটনা তদন্তে চারটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে জেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রতিবেদন দেয়। গণপূর্ত মন্ত্রণালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চউকের কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি।চউক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘গার্ডার ধসের পর উড়ালসড়কের নির্মাণকাজ অন্তত দুই মাস পিছিয়ে গেছে। ওই ঘটনায় মন্ত্রণালয় ও বুয়েটের প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি। এগুলো যত তাড়াতাড়ি প্রকাশিত হয় ততই আমাদের জন্য সুবিধা। এরপর আমরা নির্মাণকাজ শুরু করতে পারব। তবে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আমাদের ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গার্ডারগুলোর ক্রসগার্ডার নির্মাণ করতে বলেছে। বর্তমানে সে কাজ চলছে।’ তবে অন্য প্রকল্পের কাজগুলো নিয়মমতোই চলছে বলে দাবি করেন চউক চেয়ারম্যান। এদিকে আগামী বছরের এপ্রিলের শেষ সপ্তাহে চউকের চেয়ারম্যান হিসেবে আবদুচ ছালামের চার বছরের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই বেশির ভাগ উন্নয়নকাজ শেষ করতে চেয়েছিলেন তিনি। জানা গেছে, মুরাদপুর-অক্সিজেন সড়ক চলতি ডিসেম্বরের মধ্যেই শেষ করার কথা ছিল। কিন্তু সেটি আগামী জানুয়ারি মাসে শেষ হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। চকবাজার কাপাসগোলা সড়কের সম্প্রসারণ কাজও কয়েকটি অংশে বন্ধ রয়েছে। এ সড়কের প্রকল্প পরিচালক এ এ এম হাবিবুর রহমান উড়ালসড়কের গার্ডার ধসের ঘটনায় আসামি হয়ে পলাতক রয়েছেন। তিনি উড়ালসড়কেরও প্রকল্প পরিচালক। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সড়ক সম্প্রসারণের কাজ দ্রুত না হওয়ায় মানুষের ভোগান্তি বাড়ছে। কাপাসগোলা এলাকার মোটর সরঞ্জাম ব্যবসায়ী মাঈন উদ্দিন অভিযোগ করেন, সড়ক সম্প্রসারণের জন্য তিন মাস আগেই দুই পাশ খনন করে রেখেছে চউক। কিন্তু তারপর আর কোনো খবর নেই। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। চউকের প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের লোকবল সীমিত। তাই দৈনন্দিন কাজের পাশাপাশি আমাদের ঢাকা থেকে আসা লোকজন সামলাতে হচ্ছে। ফলে স্বাভাবিক উন্নয়নকাজ কিছুটা হলেও ব্যাহত হচ্ছে।’তবে এর মাঝেও একটি সড়কের উন্নয়নকাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানা গেছে। সেটি হচ্ছে আরাকান সড়ক।