চট্টগ্রামে গাড়ি বিক্রির চেষ্টাকালে চালকসহ দুজন আটক
চট্টগ্রাম মেডিকেল কলেজের এক সহকারী অধ্যাপকের ব্যক্তিগত গাড়ি বিক্রি করার চেষ্টাকালে গতকাল বৃহস্পতিবার গাড়িটির চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ। গাড়িটিও উদ্ধার করা হয়।আটক দুজন হলেন গাড়ির চালক মোহাম্মদ ওসমান ও তাঁর সহযোগী মোহাম্মদ রিপন।পুলিশ জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক নুরুল হুদার টয়োটা প্রিমিও গাড়িটি (নম্বর চট্ট মেট্টো গ-১২-০২৬৭) সকালে বিক্রির জন্য চান্দগাঁও আবাসিক এলাকায় নিয়ে এক ক্রেতার সঙ্গে দর-কষাকষি করছিলেন চালক ওসমান। একপর্যায়ে চালক সাত লাখ টাকায় গাড়িটি বিক্রি করতে সম্মত হন। কিনতে আসা ব্যক্তি চোরাই গাড়ির ক্রেতা। খবর পেয়ে বায়েজিদ থানার পুলিশ সেখানে গেলে ক্রেতা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে রিপন নামের এক ব্যক্তিকে আটক করলেও ওসমান গাড়ি নিয়ে একটি বাড়ির গ্যারেজে ঢুকে পড়েন। সেখান থেকে তাঁকে আটক ও গাড়িটি উদ্ধার করা হয়। নুরুল হুদার বাসাও চান্দগাঁও আবাসিক এলাকায়।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, চোরাই গাড়ির ক্রেতার কাছে গাড়িটি বিক্রি করতে নেওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং চালক ও তাঁর সহযোগীকে আটক করে। তাঁদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলার প্রক্রিয়া চলছে।