চট্টগ্রামের বহদ্দারহাট থেকে বারিক বিল্ডিং মোড়ের দূরত্ব ৭ দশমিক ৭৫ কিলোমিটার। শহর এলাকায় যানবাহনের স্বাভাবিক গতি (ঘণ্টায় ৪০ কিলোমিটার) অনুযায়ী, এই পথ পাড়ি দিতে সর্বোচ্চ ১২ মিনিট লাগার কথা। কিন্তু লাগছে ন্যূনতম ২৭ মিনিট। স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগার কারণ যানজট। একই কারণে শহরে গাড়ির গতি কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৭৫ কিলোমিটারে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের ‘চট্টগ্রাম মহানগরীতে যানজট ও তার বিরূপ প্রভাব’ শীর্ষক এক গবেষণায় এই চিত্র পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে গবেষণার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক স্বপন কুমার পালিত। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই গবেষণাটি করা হয়।
গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৬টি কারণে চট্টগ্রাম নগরে যানজট হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে রাস্তার মোড়ে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো, সড়কে বিভিন্ন গতির ও অতিরিক্ত যানবাহন চলাচল করা, ট্রাফিক আইন অমান্য করা, আইন প্রয়োগ ও কার্যকরের অভাব, অপর্যাপ্ত ও অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা, পর্যাপ্ত ট্রাফিক পুলিশের অভাব, সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া, লাইসেন্সবিহীন ও অদক্ষ চালক, রাস্তা ও ফুটপাত দখল হয়ে যাওয়া।
গবেষণায় যানজটের বিষয়ে উল্লেখ করা বেশির ভাগ কারণ সঠিক বলে মনে করেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্য। তবে তিনি বলেন, অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়টি ঠিক না। যেখানে প্রয়োজন সেখানে আইন প্রয়োগ করা হচ্ছে, আবার সচেতন করারও চেষ্টা চলছে।