চট্টগ্রামে গুণীজন সংবর্ধনা
চট্টগ্রামের আঞ্চলিক ও লোকগানের গুণী শিল্পী আবদুল গফুর হালীকে সংবর্ধনা দিয়েছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।
এ ছাড়া চট্টগ্রামের আঞ্চলিক ও লোকগানের গুণী শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণব, মলয় ঘোষ দস্তিদার, এম এন আকতার, অচিন্ত্যকুমার চক্রবর্তী ও শেফালী ঘোষকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ গুণীজন সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। একই অনুষ্ঠানে কনফিডেন্স সিমেন্টের বর্ষপঞ্জি-২০১৫-এর প্রকাশনা উৎসবও হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও লোকগানের শিল্পী আবদুল গফুর হালী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপম কিশোর বড়ুয়া।
অনুষ্ঠানে চট্টগ্রামের লোকগান গেয়ে শোনান আঞ্চলিক গানের গবেষক ও শিল্পী দিপেন কর।