চট্টগ্রামে গুদামে অভিযান, ১০০ টন নষ্ট গম জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মাঝিরঘাটে গতকাল বুধবার দুপুরে একটি গুদামে অভিযান চালিয়ে ১০০ টন নষ্ট গম জব্দ করেছে পুলিশ। পচা গমের সঙ্গে ৫০ বস্তা মেয়াদোত্তীর্ণ সার এবং আরও কিছু পণ্য ছিল।সদরঘাট থানার পুলিশ জানায়, পচা গম মজুত করার খবর পেয়ে মাঝিরঘাটের স্ট্যান্ড রোডের দোভাষ ভবনের নিচের গুদামে এ অভিযান চালানো হয়। এরপর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদের উপস্থিতিতে পুলিশ গুদামটি সিলগালা করে দেয়। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তা শাফায়াত চৌধুরীও অভিযানে অংশ নেন। নষ্ট গমের পাশাপাশি গুদাম থেকে ৭৫০ কেজির ৫০ প্যাকেট ম্যাগনেসিয়াম সালফেট সার পাওয়া গেছে। এসব সারের মেয়াদ পেরিয়ে গেছে ২০১০ সালের ১ আগস্ট।

এ ছাড়া এক বস্তা চুনাপাথর এবং কিছু তার পাওয়া গেছে। অভিযানে অংশ নেওয়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ বলেন, গম-সারের বিশ্রী গন্ধে গুদামে ঢোকা যাচ্ছিল না।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী বলেন, গমগুলো পচে-গলে কালো এবং জমাটবদ্ধ হয়ে গেছে। কেন সেগুলো গুদামজাত করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হচ্ছে।

গমের মালিকপক্ষ জেনারেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সোহেল আহমেদ বলেন, বিভিন্ন আমদানিকারকের কাছ থেকে সংগ্রহ করা এসব গম মাছের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য খুলনার মিতালী ট্রেডার্স নামের একটি মৎস্যঘেরের মালিকের কাছে বিক্রি করা হয়েছে। এগুলো প্রক্রিয়াজাত করে মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয়।